বায়তুল মোকাররমে আজ প্রাক-খুতবায় বক্তব্য দেবেন সাজ্জাদ নোমানী

উপমহাদেশের প্রখ্যাত ইসলামী চিন্তাবিদ, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন গবেষক ও বরেণ্য আলেম আল্লামা খলিলুর রহমান সাজ্জাদ নোমানী আজ (শুক্রবার, ১৭ জুলাই) রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদে জুমার নামাজের আগে প্রাক-খুতবায় গুরুত্বপূর্ণ আলোচনা করবেন।
ইসলামিক ফাউন্ডেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বর্তমানে তিনি ১১ দিনের দাওয়াতি ও শিক্ষাবিষয়ক সফরে বাংলাদেশে অবস্থান করছেন। এ সফরে ঢাকা, চট্টগ্রাম ও কক্সবাজারে বিভিন্ন দ্বীনি সেমিনার, শিক্ষাবিষয়ক মতবিনিময়, তরুণদের উদ্দেশে দাওয়াহভিত্তিক কর্মসূচি এবং আলেম-উলামাদের সঙ্গে বৈঠকে অংশ নিচ্ছেন।
আজকের আলোচনায় তিনি ইসলামী চিন্তা, সমকালীন বিশ্বে মুসলিম সমাজের চ্যালেঞ্জ, জ্ঞানচর্চার গুরুত্ব, দাওয়াহর দায়িত্ব এবং উম্মাহর ভবিষ্যৎ করণীয় বিষয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখবেন। এ উপলক্ষে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকা থেকে বিপুলসংখ্যক মুসল্লির সমাগমের আশা করা হচ্ছে।
আগামীকাল (১৮ জুলাই) রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে অনুষ্ঠিত ‘ইমাম শাহ ওয়ালিউল্লাহ দেহলভী (রহ.) কনফারেন্স’-এ প্রধান অতিথি ও মূল প্রবন্ধ উপস্থাপক হিসেবে অংশ নেবেন তিনি। একই অনুষ্ঠানে ‘ইমাম শাহ ওয়ালিউল্লাহ দেহলভী (রহ.) স্মারকগ্রন্থ’-এর মোড়ক উন্মোচন করা হবে।
সফরের অংশ হিসেবে তিনি চট্টগ্রামের হাটহাজারী ও পটিয়ার শীর্ষ দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠানও পরিদর্শন করবেন।
ভিওডি বাংলা/আ








মন্তব্য