• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

জুমার দিনের ১৫টি গুরুত্বপূর্ণ আমল

ভিওডি বাংলা ডেস্ক    ৩ জুলাই ২০২৬, ০১:০৯ পি.এম.
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

জুমা মুসলমানদের জন্য সাপ্তাহিক শ্রেষ্ঠ দিন। এই দিনের রয়েছে বিশেষ মর্যাদা ও ফজিলত। পবিত্র এই দিনে কিছু আমলের প্রতি বিশেষ গুরুত্ব দিয়েছেন মহানবী হজরত মুহাম্মদ (সা.)। এসব আমল পালনের মাধ্যমে একজন মুমিন আল্লাহর নৈকট্য লাভের পাশাপাশি অধিক সওয়াবের আশা করতে পারেন।

জুমার দিনের গুরুত্বপূর্ণ আমলগুলো হলো—

১. ফজরের নামাজে নির্দিষ্ট সুরা তিলাওয়াত
রাসুলুল্লাহ (সা.) জুমার দিনের ফজরের নামাজে সুরা আস-সিজদা ও সুরা আল-ইনসান তিলাওয়াত করতেন। (সহিহ বুখারি : ১০৬৮)

২. বেশি বেশি দরুদ পাঠ
রাসুল (সা.) বলেছেন, জুমার দিনে তাঁর ওপর বেশি বেশি দরুদ পাঠ করতে। কারণ, উম্মতের পাঠ করা দরুদ তাঁর কাছে পৌঁছে দেওয়া হয়। (সুনানে আবু দাউদ : ১০৪৭)

৩. জুমার নামাজ আদায়
জুমার নামাজ ইসলামের অন্যতম গুরুত্বপূর্ণ ফরজ ইবাদত। বিনা কারণে এটি ত্যাগ করা থেকে কঠোরভাবে সতর্ক করা হয়েছে।

৪. গোসল করা
জুমার নামাজে যাওয়ার আগে গোসল করা সুন্নত। (জামে তিরমিজি : ৪৯২)

৫. সুগন্ধি ব্যবহার
সামর্থ্য থাকলে জুমার দিনে সুগন্ধি ব্যবহার করা উত্তম। (সহিহ বুখারি : ৮৮০)

৬. আগে আগে মসজিদে যাওয়া
জুমার ফজিলত অর্জনের জন্য সময়মতো, বরং আগে গিয়ে মসজিদে অবস্থান করা উত্তম।

৭. ইবাদতে মশগুল থাকা
ইমাম খুতবা দিতে আসার আগ পর্যন্ত নফল নামাজ, কোরআন তিলাওয়াত, জিকির ও দোয়ায় সময় কাটানো উচিত।

৮. খুতবা মনোযোগ দিয়ে শোনা
খুতবার সময় কথা বলা বা অন্যকে চুপ করতে বলাও অনর্থক কাজ হিসেবে গণ্য হয়েছে। (সুনানে নাসায়ি : ১৪০১)

৯. সুরা কাহফ তিলাওয়াত
জুমার দিনে সুরা আল-কাহফ পাঠ করলে দুই জুমার মধ্যবর্তী সময় নূরে আলোকিত হয়। (আত-তারগিব : ৭৩৫)

১০. জুমার নামাজে সুন্নত অনুযায়ী সুরা তিলাওয়াত
রাসুল (সা.) অনেক সময় সুরা আল-আ'লা ও আল-গাশিয়াহ এবং কখনো সুরা আল-জুমুআ ও আল-মুনাফিকুন তিলাওয়াত করতেন। (সহিহ মুসলিম : ১৯১৩)

১১. পরিচ্ছন্ন ও সুন্দর পোশাক পরা
গোসল করে পরিষ্কার-পরিচ্ছন্ন ও ভালো পোশাক পরে জুমার নামাজে যাওয়ার প্রতি উৎসাহ দেওয়া হয়েছে। (সুনানে ইবনে মাজাহ : ১০৯৭)

১২. মসজিদ সুগন্ধিময় রাখা
সাহাবায়ে কেরাম জুমার দিনে মসজিদে সুগন্ধি ব্যবহারের প্রতিও গুরুত্ব দিতেন।

১৩. বেশি বেশি ইস্তিগফার
জুমার নামাজ ও সংশ্লিষ্ট আমল ছোট গুনাহের কাফফারা হওয়ার সুসংবাদ এসেছে, যদি কবিরা গুনাহ থেকে বিরত থাকা যায়। (মুসনাদে আহমাদ : ২৩৭২৯)

১৪. মৃতদের জন্য দোয়া
জুমার দিনে মৃত মুসলিমদের জন্য দোয়া করা উত্তম। এ দিনের ফজিলত সম্পর্কিত বিভিন্ন বর্ণনায় এ বিষয়ে উৎসাহ দেওয়া হয়েছে।

১৫. বেশি বেশি দোয়া করা
জুমার দিনে এমন একটি বিশেষ সময় রয়েছে, যখন বান্দার দোয়া কবুল হয়। অধিকাংশ আলেমের মতে, এ সময়টি আসরের পর থেকে মাগরিবের আগ পর্যন্ত। (সহিহ মুসলিম : ১৮৫৮)

জুমার দিনটি ইবাদত, জিকির, কোরআন তিলাওয়াত, দরুদ, দোয়া ও আত্মশুদ্ধির মাধ্যমে কাটানোর চেষ্টা করা একজন মুমিনের জন্য অত্যন্ত কল্যাণকর।

ভিওডি বাংলা/আ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
আজ পবিত্র আশুরা
ধর্ম বিষয়ক মন্ত্রণালয়
অনুমোদনবিহীন এজেন্সির আকর্ষণীয় হজ প্যাকেজ, সতর্ক করল ধর্ম মন্ত্রণালয়
ছবি: সংগৃহীত
কাল পবিত্র আশুরা: রাজধানীতে প্রস্তুত ৬৩টি তাজিয়া মিছিল