চট্টগ্রামে বৃষ্টি কমলেও কাটেনি বন্যা পরিস্থিতি

টানা এক সপ্তাহের অতি ভারী বর্ষণের পর চট্টগ্রামে বৃষ্টির তীব্রতা কিছুটা কমেছে। গত ২৪ ঘণ্টায় আগের কয়েক দিনের তুলনায় উল্লেখযোগ্যভাবে কম বৃষ্টিপাত হলেও বন্যা পরিস্থিতির তেমন উন্নতি হয়নি। একই সঙ্গে মৌসুমি বায়ু সক্রিয় থাকায় মাঝারি থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
পতেঙ্গা আবহাওয়া অফিসের তথ্যমতে, শুক্রবার সকাল ৯টা থেকে শনিবার সকাল ৯টা পর্যন্ত চট্টগ্রামে ২১ দশমিক ৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এর আগে টানা কয়েক দিন ধরে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের দৈনিক পূর্বাভাসে বলা হয়েছে, চট্টগ্রামের আকাশ অস্থায়ীভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে। অধিকাংশ এলাকায় দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বজ্রবৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি থেকে অতি ভারী বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে।
পতেঙ্গা আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ সুমন সাহা বলেন, মৌসুমি বায়ু এখনো সক্রিয় রয়েছে। তাই বৃষ্টির প্রবণতা অব্যাহত থাকবে এবং কোথাও কোথাও ভারী বৃষ্টিও হতে পারে।
গত ৪ জুলাই থেকে চট্টগ্রামে টানা ভারী বর্ষণ শুরু হয়। শুক্রবার সকাল ৬টা পর্যন্ত সাত দিনে জেলায় মোট ১ হাজার ১৬৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। অর্থাৎ প্রতিদিন গড়ে প্রায় ১৬৭ মিলিমিটার বৃষ্টি হয়েছে। সে তুলনায় সর্বশেষ ২৪ ঘণ্টার বৃষ্টিপাত অনেক কম।
তবে বৃষ্টির তীব্রতা কমলেও বন্যা পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি হয়নি। কোথাও কোথাও পানি কমতে শুরু করলেও অনেক এলাকা এখনো প্লাবিত রয়েছে। আবার কিছু এলাকায় নতুন করে পানি বেড়েছে।
চট্টগ্রাম, কক্সবাজার ও তিন পার্বত্য জেলায় এখনো কয়েক লাখ মানুষ পানিবন্দি অবস্থায় রয়েছেন। বিভাগীয় প্রশাসনের তথ্য অনুযায়ী, দুর্গত এলাকায় ১ হাজার ৫৭টি আশ্রয়কেন্দ্র চালু রয়েছে। এসব কেন্দ্রে ১২ হাজারের বেশি মানুষ আশ্রয় নিয়েছেন।
ভিওডি বাংলা/আ








মন্তব্য