• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

মানসম্মত চিকিৎসা নিশ্চিত করতে হবে: এমপি মিলন

নিজস্ব প্রতিবেদক    ১০ জুলাই ২০২৬, ১১:২৬ এ.এম.
ঢাকা-১২ আসনের সংসদ সদস্য সাইফুল আলম খান মিলন
ছবি: ভিওডি বাংলা

ঢাকা-১২ আসনের সংসদ সদস্য সাইফুল আলম খান মিলন বলেছেন, স্বাস্থ্য খাতে শুধু বরাদ্দ বাড়ালেই হবে না, চিকিৎসাসেবার মানও উন্নত করতে হবে। দেশের মানুষ যেন সহজে ও মানসম্মত চিকিৎসা পায়, সেই ব্যবস্থা নিশ্চিত করতে হবে।

শুক্রবার (১০ জুলাই) জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিনের উদ্যোগে রাজধানীর মগবাজারের বিটিসিএল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

সাইফুল আলম খান মিলন বলেন, সমাজসেবা জামায়াতে ইসলামীর অন্যতম কর্মসূচি। দেশের বৃহৎ জনগোষ্ঠী এখনও পর্যাপ্ত চিকিৎসাসেবা থেকে বঞ্চিত। সেই দায়িত্ববোধ থেকেই আমরা সারা বছর দেশের বিভিন্ন স্থানে বিনামূল্যে চিকিৎসাসেবা দিয়ে থাকি।

তিনি আরও বলেন, ক্যাম্পটিতে মেডিসিন, হৃদরোগ, চক্ষু, দন্ত, চর্মরোগ, অর্থোপেডিকস, শিশু ও স্ত্রীরোগসহ বিভিন্ন বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকরা সেবা দিচ্ছেন। পাশাপাশি রক্তের গ্রুপ নির্ণয়, রক্তচাপ পরীক্ষা এবং বিভিন্ন প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থা রয়েছে। অনেক মানুষ এমন রোগে ভুগছেন, যা তারা নিজেরাও জানেন না। এ ধরনের ক্যাম্পের মাধ্যমে রোগ শনাক্ত হয়ে পরবর্তী চিকিৎসার সুযোগ তৈরি হয়।

স্বাস্থ্য খাতের সমস্যা তুলে ধরে এই সংসদ সদস্য বলেন, মফস্বলে চিকিৎসক না থাকার অন্যতম কারণ সেখানে তাদের থাকার পরিবেশ, নিরাপত্তা ও সন্তানদের শিক্ষার ব্যবস্থা নেই। এসব সমস্যার সমাধান করতে পারলে বিশেষজ্ঞ চিকিৎসকরাও জেলা-উপজেলায় কাজ করতে আগ্রহী হবেন। জামায়াতে ইসলামী রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে স্বাস্থ্যসেবার এসব সমস্যার সমাধানে অগ্রাধিকার দেবে এবং দেশের সব মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করার জন্য কাজ করবে।

সৎ নেতৃত্ব প্রসঙ্গে মিলন বলেন, সমাজে যদি নৈতিক ও সৎ নেতৃত্ব প্রতিষ্ঠিত হয়, তাহলে উন্নয়ন টেকসই হবে। জনগণের প্রতিটি টাকা জনগণের কল্যাণেই ব্যয় হবে। আমাদের হাতে যে উন্নয়নকাজ হয়েছে, সেখানে জনগণের অর্থের অপচয় করা হয়নি। প্রকল্পের বাইরে যে ব্যয় হয়েছে, তা আমরা নিজেদের অর্থ থেকেই করেছি।

ভোটারদের উদ্দেশে তিনি বলেন, মানুষের কষ্ট দূর করতে হলে সৎ ও যোগ্য লোকদের ভোট দিতে হবে। যোগ্য ও সৎ নেতৃত্ব প্রতিষ্ঠিত হলে জাতীয় সমস্যার সমাধান অনেক সহজ হয়ে যাবে।

স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে সাইফুল আলম খান বলেন, আসন্ন স্থানীয় সরকার নির্বাচন সরকারের জন্য একটি পরীক্ষার বিষয়। নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ না হলে জনগণের আস্থা আরও ক্ষতিগ্রস্ত হবে।

তিনি বলেন, ঢাকায় চাঁদাবাজি ভয়াবহ আকার ধারণ করেছে। সরকার যদি আন্তরিক হয়, তাহলে দলীয় পরিচয় না দেখে চাঁদাবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।

দেশে সুশাসন প্রতিষ্ঠা করতে পারলে জনগণ শান্তি পাবে এবং রাষ্ট্রের প্রতিটি খাতে ইতিবাচক পরিবর্তন আসবে বলেও মন্তব্য করেন ঢাকা-১২ আসনের সংসদ সদস্য সাইফুল আলম খান মিলন।

ভিওডি বাংলা/এম আই/এফএ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি-ভিওডি বাংলা
ইনকিলাব কালচারাল সেন্টারের সংকট নিয়ে জাবের-জুমাকে প্রশ্নবিদ্ধ করলেন আওয়াল
ছবি: সংগৃহীত
ভারতীয় আগ্রাসনের প্রতিবাদে কাল ইসলামী আন্দোলনের সমাবেশ-গণমিছিল
ডা. তৌহিদুর রহমান আউয়াল। ছবি: ভিওডি বাংলা
'আওয়ামী লীগের প্রত্যাবর্তন চায় না জনগণ': আউয়াল