ইরানে নিরাপদে আছেন নাসীরুদ্দীন পাটওয়ারী, ফিরছেন আজ

ইরানে নিরাপদে আছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। প্রতিনিধি দলের অন্য সদস্যরা দেশে ফিরলেও ফ্লাইটের সময়সূচি ভিন্ন হওয়ায় তিনি এখনো ইরানেই অবস্থান করছেন।
বৃহস্পতিবার (৯ জুলাই) রাতে গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে পাটওয়ারী জানান, ছয় সদস্যের প্রতিনিধি দলের পাঁচজন ইতোমধ্যে দেশে ফিরেছেন। তিনি আজ শুক্রবার সকাল ৭টায় ইমাম খোমেনি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ইস্তাম্বুল হয়ে বাংলাদেশে ফিরবেন।
বর্তমান পরিস্থিতি সম্পর্কে তিনি বলেন, ‘আমরা এখানে নিরাপদে আছি। এখনও অনেক আন্তর্জাতিক প্রতিনিধি ইরানে অবস্থান করছেন। হামলা মূলত উত্তরাঞ্চলে হয়েছে। আমরা দক্ষিণাঞ্চলে আছি। মাশহাদ ও বন্দর আব্বাসে হামলার খবর পাওয়া গেছে। তবে আমাদের এলাকায় এখনো কোনো হামলা হয়নি।’
পাটওয়ারী জানান, ফেব্রুয়ারি-মার্চে সংঘটিত হামলার ধ্বংসস্তূপ তিনি নিজ চোখে দেখেছেন। তবে বর্তমানে সাধারণ মানুষের জীবনযাত্রা স্বাভাবিক রয়েছে।
তার ভাষ্য, ‘মিডিয়ায় যেভাবে পরিস্থিতি দেখানো হচ্ছে, বাস্তবে আমরা তেমন কিছু দেখিনি। মানুষের স্বাভাবিক চলাফেরা ও দৈনন্দিন কার্যক্রম অব্যাহত রয়েছে।’
উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের নতুন হামলার প্রেক্ষাপটে ইরানে অবস্থান করছেন নাসীরুদ্দীন পাটওয়ারী। প্রয়াত ইরানি সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শেষ শ্রদ্ধা অনুষ্ঠানে অংশ নিতে গত সপ্তাহে এনসিপি, জামায়াতে ইসলামী ও খেলাফত মজলিসের একটি প্রতিনিধিদল ইরান সফরে যায়।
ভিওডি বাংলা/আ








মন্তব্য