সেনাবাহিনীর সহায়তায় নিরাপদে সাজেক ছাড়লেন ৫৬১ পর্যটক

রাঙামাটির বাঘাইছড়ির সাজেক ভ্যালিতে আটকা পড়া পর্যটকদের মধ্যে দ্বিতীয় দফায় ৩১১ জন সেনাবাহিনীর সহায়তায় নিরাপদে সাজেক ত্যাগ করেছেন। এর আগে, বৃহস্পতিবার প্রথম দফায় নিরাপদে সাজেক ত্যাগ করেন ১৫০ জন পর্যটক। এ নিয়ে ৫৬১ জন পর্যটককে নিরাপদে সরিয়ে নিয়েছে সেনাবাহিনী।
শুক্রবার (১০ জুলাই) সেনাবাহিনীর বাঘাইহাট জোন থেকে জানানো হয়, টানা ভারী বর্ষণ, পাহাড় ধস এবং সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ায় সাজেক ভ্যালিতে মোট ৬৬১ জন পর্যটক আটকা পড়েছিলেন।
বাঘাইহাট জোন সূত্রে জানা গেছে, শুক্রবার সকাল ৯টায় দ্বিতীয় দফায় ৩১১ জন পর্যটক সেনাবাহিনীর এসকর্টে খাগড়াছড়ির উদ্দেশে রওনা দেন। অবশিষ্ট ১০০ জন পর্যটককেও পর্যায়ক্রমে নিরাপদে সাজেক থেকে সরিয়ে নেওয়া হবে।
গত ৭ জুলাই টানা বর্ষণ, ভূমিধস ও সড়ক যোগাযোগ ব্যবস্থার ঝুঁকির কারণে রাঙামাটি জেলা প্রশাসক (ডিসি) নাজমা আশরাফী স্বাক্ষরিত এক জরুরি গণবিজ্ঞপ্তিতে সাজেকের সব পর্যটনকেন্দ্র অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়।
গণবিজ্ঞপ্তিতে বলা হয়, রাঙামাটির বিভিন্ন স্থানে ভূমি ধস, পাহাড় ধস ও যোগাযোগ ব্যবস্থার বিঘ্নের আশঙ্কায় পর্যটক ও জনসাধারণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
জেলা প্রশাসনের ওই সিদ্ধান্তের ফলে নতুন করে কোনো পর্যটক সাজেকে প্রবেশ করতে পারেননি। তবে সিদ্ধান্ত কার্যকরের আগেই সেখানে অবস্থান করা শত শত পর্যটক আটকা পড়েন। তাদের নিরাপদে ফিরিয়ে আনতে সেনাবাহিনী পর্যায়ক্রমে উদ্ধার কার্যক্রম পরিচালনা করছে।
ভিওডি বাংলা/এফএ








মন্তব্য