• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

অর্থবছরের শুরুতেই রেমিট্যান্সে বড় উল্লম্ফন

ভিওডি বাংলা ডেস্ক    ৬ জুলাই ২০২৬, ০৫:৫৪ পি.এম.
ফাইল ছবি
ফাইল ছবি

নতুন অর্থবছরের শুরুতেই স্বস্তির বার্তা দিচ্ছে প্রবাসী আয়। অর্থনীতির নানা চ্যালেঞ্জের মধ্যেও রেমিট্যান্স প্রবাহে উল্লেখযোগ্য প্রবৃদ্ধি দেশের বৈদেশিক মুদ্রার বাজারে ইতিবাচক প্রভাব ফেলছে।

বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ হালনাগাদ তথ্য অনুযায়ী, চলতি জুলাই মাসের প্রথম পাঁচ দিনে দেশে বৈধ ব্যাংকিং চ্যানেলে এসেছে ৫৬৭ মিলিয়ন মার্কিন ডলার বা ৫৬ কোটি ৭০ লাখ ডলারের রেমিট্যান্স। এর মধ্যে শুধু ৫ জুলাই একদিনেই এসেছে ২১ কোটি ৯৩ লাখ মার্কিন ডলার।

গত অর্থবছরের একই সময়ে দেশে রেমিট্যান্স এসেছিল ৪১১ মিলিয়ন ডলার বা ৪১ কোটি ১০ লাখ ডলার। সে হিসাবে এক বছরের ব্যবধানে প্রবাসী আয় বেড়েছে ৩৮ দশমিক ১ শতাংশ।

অর্থনীতিবিদরা বলছেন, নতুন অর্থবছরের শুরুতেই রেমিট্যান্সে এমন প্রবৃদ্ধি বৈদেশিক মুদ্রার বাজারের জন্য ইতিবাচক সংকেত। তাঁদের মতে, বৈধ চ্যানেলে টাকা পাঠাতে সরকারের প্রণোদনা, ব্যাংকিং সেবার উন্নয়ন এবং হুন্ডির পরিবর্তে আনুষ্ঠানিক মাধ্যমে অর্থ পাঠানোর প্রবণতা বাড়ায় রেমিট্যান্সের ধারা আরও শক্তিশালী হচ্ছে।

বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট কর্মকর্তাদের মতে, রপ্তানি আয়ে কিছুটা ধীরগতি থাকলেও প্রবাসীদের পাঠানো অর্থ অর্থনীতিতে আশার আলো তৈরি করছে। নতুন সরকারের জন্য এটি ইতিবাচক দিক বলেও মনে করছেন তারা।

নাম প্রকাশে অনিচ্ছুক বাংলাদেশ ব্যাংকের এক কর্মকর্তা বলেন, “রেমিট্যান্স দেশের বৈদেশিক মুদ্রার অন্যতম প্রধান উৎস। এ প্রবাহ অব্যাহত থাকলে বৈদেশিক মুদ্রার রিজার্ভ শক্তিশালী হবে, আমদানি দায় পরিশোধে চাপ কমবে এবং ডলারের বাজারে স্থিতিশীলতা বজায় রাখতে সহায়ক হবে।”

তিনি আরও জানান, প্রবাসী আয়ের ধারাবাহিক প্রবাহের কারণেই ৪৪ মাস পর দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ আবারও ৩৬ বিলিয়ন ডলার ছাড়িয়েছে।

সংশ্লিষ্ট সূত্রগুলোর তথ্য অনুযায়ী, সদ্য সমাপ্ত ২০২৫-২৬ অর্থবছরেও বাংলাদেশ ইতিহাসের সর্বোচ্চ রেমিট্যান্স পেয়েছে। নতুন অর্থবছরের শুরুতে প্রকাশিত পরিসংখ্যান সেই ইতিবাচক ধারা অব্যাহত থাকার ইঙ্গিত দিচ্ছে।

তবে বিশেষজ্ঞরা মনে করছেন, পুরো অর্থবছরজুড়ে এই প্রবৃদ্ধি ধরে রাখতে বৈধ চ্যানেলে অর্থ পাঠানোর সুবিধা আরও বাড়াতে হবে। পাশাপাশি হুন্ডি নিরুৎসাহিত করতে কার্যকর উদ্যোগ অব্যাহত রাখারও তাগিদ দিয়েছেন তারা।

ভিওডি বাংলা/এমএস 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জ্বালানি তেল নিয়ে বড় সুখবর দিল সরকার
জ্বালানি তেল নিয়ে বড় সুখবর দিলো সরকার
বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান। ছবি: সংগৃহীত
শরিয়াহ গভর্নেন্স জোরদারে গুরুত্ব দিলেন গভর্নর
ছবি: সংগৃহীত
একদিনের ব্যবধানে ফের বাড়ল স্বর্ণের দাম