বেতনের ১০ শতাংশ গরিবদের জন্য সরকারি কোষাগারে দেন প্রধানমন্ত্রী

নিজের মাসিক বেতনের একটি অংশ নিয়মিতভাবে সরকারি কোষাগারে জমা দিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে মন্ত্রিসভার সদস্যদেরও স্বেচ্ছায় এ ধরনের উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী মুক্তিযোদ্ধা সরদার মো. সাখাওয়াত হোসেন।
সোমবার (৬ জুলাই) রাজধানীতে বাংলাদেশ মিডওয়াইফারি সোসাইটির এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ তথ্য জানান স্বাস্থ্যমন্ত্রী।
তিনি বলেন, এক বৈঠকে প্রধানমন্ত্রী অত্যন্ত বিনয়ের সঙ্গে মন্ত্রীদের উদ্দেশে এই প্রস্তাব দেন। তিনি উল্লেখ করেন, তার বাবা বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান রাষ্ট্রীয় দায়িত্বে থাকাকালে নিয়মিতভাবে তার বেতনের ১০ শতাংশ সরকারি কোষাগারে জমা দিতেন, যা গরিব ও অসহায় মানুষের কল্যাণে এবং রাষ্ট্রীয় প্রয়োজনে ব্যয় করা হতো।
স্বাস্থ্যমন্ত্রী আরও জানান, প্রধানমন্ত্রী নিজেও একই নীতি অনুসরণ করছেন এবং প্রতি মাসে তার মূল বেতনের ১০ শতাংশ আলাদা করে সরকারি অ্যাকাউন্টে জমা দিচ্ছেন।
তিনি বলেন, প্রধানমন্ত্রী স্পষ্টভাবে জানিয়েছেন এটি তার ব্যক্তিগত উদ্যোগ, এটি মন্ত্রীদের জন্য বাধ্যতামূলক নয়। তবে যারা সক্ষম, তারা যেন স্বেচ্ছায় এমন উদ্যোগ গ্রহণ করেন সেই আহ্বানও জানিয়েছেন তিনি।
স্বাস্থ্যমন্ত্রী সাখাওয়াত হোসেন বলেন, প্রধানমন্ত্রীর এই উদ্যোগকে মন্ত্রিসভার সদস্যরা ইতিবাচকভাবে গ্রহণ করেছেন এবং সন্তোষ প্রকাশ করেছেন।
অনুষ্ঠানে বাংলাদেশ মিডওয়াইফারি সোসাইটির সভাপতি রোজিনা খাতুন, সাধারণ সম্পাদক হাসনা আখতার, বাংলাদেশ নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি কাউন্সিলের রেজিস্ট্রার হালিমা আখতারসহ স্বাস্থ্য খাতের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এছাড়া অনুষ্ঠানে জানানো হয়, দেশে প্রতি বছর হাজারো প্রশিক্ষিত ধাত্রী তৈরি হলেও পর্যাপ্ত কর্মসংস্থানের অভাবে তাদের একটি বড় অংশ পেশায় টিকে থাকতে পারছেন না। এতে মাতৃস্বাস্থ্যসেবা খাতে গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ তৈরি হচ্ছে।
ভিওডি বাংলা/এমএস








মন্তব্য