রিকশাচালককে পিটিয়ে ছিনতাই, কিশোর গ্যাংয়ের ৬ সদস্য আটক

রাজশাহীতে এক রিকশাচালককে মারধর করে টাকা ও মোবাইল ছিনিয়ে নেওয়ার ঘটনায় তোলপাড় সৃষ্টি হয়েছে। ভাইরাল ভিডিও ঘিরে আলোচনার মধ্যেই অভিযানে নেমে কিশোর গ্যাংয়ের ছয় সদস্যকে গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)।
রোববার ৫ জুলাই শাহমখদুম থানায় আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান আরএমপির মুখপাত্র ও উপপুলিশ কমিশনার (মিডিয়া) গাজিউর রহমান।
তিনি জানান, গত ৩ জুলাই বিকেলে শাহমখদুম থানার বোয়ালিয়া সড়কের পাশে একটি রাজনৈতিক দলের কার্যালয়ের সামনে ওই হামলার ঘটনা ঘটে। এ সময় কিশোর গ্যাংয়ের সদস্যরা এক রিকশাচালকের ওপর হামলা চালিয়ে তাকে মারধর করে। পরে তার কাছ থেকে একটি মোবাইল ফোন ও প্রায় ২০ হাজার টাকা ছিনিয়ে নেওয়া হয়।
ঘটনার সময় স্থানীয় লোকজন এগিয়ে এলে হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে পালিয়ে যায় বলে জানান তিনি।
গাজিউর রহমান বলেন, ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি আরএমপি কমিশনার মো. ফয়েজুল কবিরের নজরে আসে। এরপর তার নির্দেশনায় শাহমখদুম থানা পুলিশ তথ্যপ্রযুক্তির সহায়তা ও গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ঘটনার সঙ্গে জড়িত ছয়জনকে আটক করে।
তিনি আরও বলেন, গ্রেপ্তারকৃতদের মধ্যে কয়েকজন অপ্রাপ্তবয়স্ক হওয়ায় শিশু আইনে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
আরএমপির এই কর্মকর্তা জানান, ভুক্তভোগীর পরিবারের লিখিত অভিযোগের ভিত্তিতে শাহমখদুম থানায় মামলা দায়ের করা হয়েছে। একইসঙ্গে এ ঘটনায় জড়িত পলাতক অন্যদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।
মহানগরীতে কিশোর গ্যাংসহ বিভিন্ন অপরাধ দমনে পুলিশের অভিযান ও আইনগত কার্যক্রম চলমান থাকবে বলেও জানান উপপুলিশ কমিশনার গাজিউর রহমান।
ভিওডি বাংলা/এমএস








মন্তব্য