• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

আবদুস সালাম

‘জুলাই অভ্যুত্থান’ ব্যর্থ হলে বিএনপি নেতাদের ফাঁসি হতো

নিজস্ব প্রতিবেদক    ৪ জুলাই ২০২৬, ০৭:৫৭ পি.এম.
ছবি: ভিওডি বাংলা
ছবি: ভিওডি বাংলা

‘জুলাই অভ্যুত্থান’ সফল না হলে বিএনপির নেতাকর্মীদের ফাঁসির কাষ্ঠে ঝুলতে হতো বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম।

শনিবার (৪ জুলাই) বিকালে জাতীয় প্রেসক্লাবে ঢাকা মহানগরী জাতীয়তাবাদী হকার্স দলের উদ্যোগে আয়োজিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে স্মরণ সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আবদুস সালাম বলেন, যদি অভ্যুত্থান সফল না হতো, তাহলে অনেকের কিছুই হতো না। কিন্তু বিএনপির নেতাকর্মীরা, আমরা যারা ছিলাম, আমাদের ফাঁসির কাষ্ঠে ঝুলতে হতো। সেই সময় আমাদের এমন কেউ ছিল না, যার বিরুদ্ধে হত্যা মামলা ছিল না। আওয়ামী লীগের পুলিশ গুলি করে মানুষ হত্যা করেছে, আর সেই সব মামলাও আমাদের বিরুদ্ধে দিয়েছে।

তিনি বলেন, যারা আজ নিজেদের অভ্যুত্থানের নায়ক দাবি করেন, তাদের উচিত নিজেদের বিরুদ্ধে কতটি মামলা ছিল এবং বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে কতটি মামলা ছিল, সেই হিসাব করা। তাঁর দাবি, শেখ হাসিনার সরকারের পতন না হলে বিএনপির নেতাকর্মীদের ঘরে ফেরার কোনো সুযোগ থাকত না।

ডিএসসিসির প্রশাসক বলেন, বিএনপি কখনো শুধু ক্ষমতায় যাওয়ার জন্য আন্দোলন করেনি। বরং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা ও দেশের স্বাধীনতা রক্ষার লক্ষ্যেই আন্দোলন করেছে। 

তিনি বলেন, এই আন্দোলন শুধু বেগম খালেদা জিয়া বা তারেক রহমানকে প্রধানমন্ত্রী বানানোর আন্দোলন ছিল না; এটি ছিল গণতন্ত্র ফিরিয়ে আনার আন্দোলন।

তিনি আরও বলেন, ছাত্র, শ্রমিক, কৃষক, বুদ্ধিজীবীসহ সব শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণেই জুলাই অভ্যুত্থানের পথ তৈরি হয় এবং সেই ধারাবাহিক আন্দোলনে বিএনপি, ছাত্রদল ও শ্রমিক দলের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল।

আবদুস সালাম বলেন, বিএনপি আন্দোলনের মধ্য দিয়েই গড়ে উঠেছে। তাই আন্দোলনের ভয় দেখিয়ে বিএনপিকে দমিয়ে রাখা যাবে না। বহু চড়াই-উতরাই পেরিয়ে দলের নেতাকর্মীরা আজ আরও দৃঢ় ও পরীক্ষিত হয়ে উঠেছেন।

বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অবদানের কথা তুলে ধরে আবদুস সালাম বলেন, জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়ে গণতন্ত্র ও মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করেছেন। বিশেষ করে শ্রমজীবী মানুষের কল্যাণে তাঁর ভূমিকা ছিল উল্লেখযোগ্য। বন্ধ হয়ে যাওয়া বহু মিল-কারখানা পুনরায় চালু করে শ্রমিকদের কর্মসংস্থানের ব্যবস্থা করেছিলেন তিনি।

তিনি আরও বলেন, বেগম খালেদা জিয়া এক কঠিন সময়ে বিএনপির নেতৃত্ব গ্রহণ করেন। দীর্ঘ আন্দোলনের মাধ্যমে দেশে সংসদীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করেন এবং ব্যক্তিগত স্বার্থের চেয়ে দেশের স্বার্থকে অগ্রাধিকার দেন। 

বিএনপির এ নেতা বলেন, জিয়াউর রহমান ও খালেদা জিয়া দুজনেই গণতন্ত্র ও দেশের প্রশ্নে আপসহীন ছিলেন এবং সেই আদর্শের কারণেই তাঁদের কঠিন মূল্য দিতে হয়েছে।

বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আবদুস সালাম বলেন, জনগণের ভোটে তারেক রহমান নেতৃত্বে সরকার গঠিত হয়েছে। তবে এখনো ষড়যন্ত্র থেমে নেই। যারা দেশের স্বাধীনতা, গণতন্ত্র ও সাধারণ মানুষের কল্যাণ চায় না, তারাই বিভিন্নভাবে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে। তিনি দলীয় নেতাকর্মীদের ধৈর্য ধারণের আহ্বান জানিয়ে বলেন, দেশের স্বাভাবিক পরিবেশ ও গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখতে হবে।

হকার ব্যবস্থাপনা প্রসঙ্গে ডিএসসিসি প্রশাসক বলেন, সিটি করপোরেশন হকার উচ্ছেদ করতে চায় না; বরং শৃঙ্খলার মধ্যে এনে তাঁদের ব্যবসার সুযোগ নিশ্চিত করতে চায়। এজন্য নির্ধারিত স্থানে হকার বসানো, নাইট মার্কেট, সাপ্তাহিক ও হলিডে মার্কেট চালুর পরিকল্পনা রয়েছে। মতিঝিল, গুলিস্তান, সদরঘাট, নিউ মার্কেটসহ গুরুত্বপূর্ণ এলাকায় পর্যায়ক্রমে এ ব্যবস্থা চালুর উদ্যোগ নেওয়া হবে।

তিনি জানান, নিবন্ধিত হকারদের আইডি কার্ড ও অস্থায়ী অনুমতিপত্র দেওয়ার পরিকল্পনা রয়েছে, যাতে তাঁরা চাঁদাবাজির হাত থেকে রক্ষা পান। একই সঙ্গে মোবাইল টয়লেট, পরিচ্ছন্নতা ব্যবস্থাপনা, নির্ধারিত সময়ে ব্যবসা পরিচালনা এবং প্রয়োজনীয় আলো ও অন্যান্য নাগরিক সুবিধা নিশ্চিত করার কথাও জানান তিনি।

রিকশা চলাচলও পর্যায়ক্রমে শৃঙ্খলার আওতায় আনা হবে উল্লেখ করে আবদুস সালাম বলেন, সিটি করপোরেশনের লক্ষ্য উচ্ছেদ নয়; বরং নাগরিক চলাচল ও জীবিকার মধ্যে একটি সুষম ও শৃঙ্খলাপূর্ণ ব্যবস্থা গড়ে তোলা।

ভিওডি বাংলা/খতিব/এমএস 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
কেরানীগঞ্জে সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে কিশোর নিহত, আহত ২
প্রতীকী ছবি
মোটরসাইকেলের গতি কমাতে বলায় দুই পুলিশকে মারধর
কুমিল্লায় ফুটপাতে ঘুমন্ত নারীকে ধর্ষণ, সিসিটিভি ফুটেজ। ছবি: সংগৃহীত
কুমিল্লায় ফুটপাতে ঘুমন্ত নারীকে ধর্ষণ