সন্ত্রাসী হামলার শিকার দিতি-সোহেল চৌধুরীর মেয়ে লামিয়া

নারায়ণগঞ্জ প্রতিনিধি
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে হামলার শিকার হয়েছেন চলচ্চিত্র তারকা দিতি ও সোহেল চৌধুরী কন্যা লামিয়া চৌধুরী। শনিবার বেলা তিনটার দিকে এ ঘটনা ঘটে।
এদিকে হামলার সময় লামিয়া তার ফেসবুক থেকে লাইভ করেছেন। সেখানে দেখা যায়, বেশ কয়েকজন লোক উত্তেজিত হয়ে তেড়ে আসছেন লামিয়া ও তার নিকটাত্মীয়দের দিকে। লামিয়া জানালেন, সন্ত্রাসীরা তাদের গাড়ি লক্ষ্য করে ইট ছুড়েছে। গাড়ির গ্লাস ভেঙে দিয়েছে।
লামিয়া চৌধুরী বলেন, আম্মা মারা যাওয়ার পর প্রতি সপ্তাহের শুক্র ও শনিবারে কাজিনদের নিয়ে আমি নারায়ণগঞ্জে যাই। ওখানে আমাদের আত্মীয়স্বজন থাকেন। ওদের সঙ্গে সময় কাটিয়ে আসি। আজও গিয়েছিলাম। আসার পরই সন্ত্রাসীদের হামলার শিকার হই। নারায়ণগঞ্জের সোনারগাঁতে আমাদের পৈতৃক জায়গা দখলের চেষ্টা চলছে কিছুদিন ধরেই। সেই টার্গেটে আমি যাওয়ার পর দলবল সন্ত্রাসীরা আসে। ওদের হাতে অস্ত্র ছিল, আমাদের মারার জন্য। আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে। আমার পা ভেঙে ফেলেছে। আমার ওড়না টেনে ছিঁড়ে ফেলেছে। ভয়ে পরে আমি গাড়িতে উঠে গেছি।
তিনি বলেন, আমার মা–বাবা মরে গেছে। ওরা আমাদের জায়গাজমি দিয়ে গেছে। কিছুই ভোগ করতে পারি না। চারদিক থেকে লোকজন সব দখল করার চেষ্টা চালাচ্ছে। আমার ভাই দেশে নেই। আমি সবকিছু একাই হ্যান্ডেল করতেছি। এ কারণে সবাই এভাবে আমার পেছনে লেগেছে। আমার জীবন হুমকির মুখে। আমি একা, সন্ত্রাসীরা এসব বুঝে গেছে।লামিয়া তার ফেসবুকে লিখেছেন, আমার সাথে কি কেউ নাই? আমার মা–বাবা মারা গেছে বলে আমার পাশে কি কেউ নাই? কেউ নাই, কেউ নাই, কেউ নাই। বিকেল ৪টা ১০ মিনিটে আরেক পোস্টে লামিয়া লিখেছেন, আমার পা ভেঙে ফেলেছে ওরা। হাসপাতালেও যেতে দিচ্ছে না। আমার গাড়িতে ইট মেরে গাড়ি ভেঙেছে। আমি হাঁটতে পারছি না।
ভিওডি বাংলা/ এমএইচপি







