শিল্পী সমিতির নির্বাচন
সভাপতি পদে লড়বেন বাপ্পারাজ, সম্পাদক পদপ্রার্থী মুক্তি

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির আগামী আসরের নির্বাচনে একই প্যানেল থেকে প্রার্থী হবেন জনপ্রিয় চিত্রনায়ক বাপ্পারাজ ও চিত্রনায়িকা রুমানা ইসলাম মুক্তি। বাপ্পারাজ লড়বেন সভাপতি পদে এবং সাধারণ সম্পাদক পদে প্রার্থী হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন মুক্তি।
চলচ্চিত্র শিল্পী সমিতি সূত্র জানিয়েছে, আগামী নির্বাচনে দুটো প্যানেল লড়বে। একটি বাপ্পারাজ ও মুক্তির। অন্যটিতে, সভাপতি প্রার্থী শিবা সানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী প্রতিদ্বন্দ্বিতা করবেন।
বাপ্পারাজ এখনো নির্বাচনে অংশ নেয়ার বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেননি। তবে কিছুদিন আগে সাধারণ সম্পাদক পদে লড়ার কথা জানিয়েছেন রুমানা ইসলাম মুক্তি।
শিল্পী সমিতির নেতৃত্বে আসার কারণ ব্যাখ্যা করে মুক্তি বলেন, “আমার মা (আনোয়ারা) সব সময় চাইতেন, আমি যেন শিল্পীদের কল্যাণে আরো বড় দায়িত্বে যাই। তার ইচ্ছা ছিল, আমি যেন শিল্পী সমিতির নেতৃত্বে থেকে কাজ করি। সেই স্বপ্ন পূরণ করতেই এবার সাধারণ সম্পাদক পদে নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছি।”
বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির বর্তমান কার্যনির্বাহী পরিষদের নেতৃত্বে রয়েছেন—মিশা সওদাগর ও ডিপজল। এ পরিষদের মেয়াদ গত ২৪ এপ্রিল শেষ হয়েছে। গঠনতন্ত্র অনুযায়ী, মেয়াদ শেষ হওয়ার তিন মাসের মধ্যে নতুন নির্বাচন আয়োজন বাধ্যতামূলক। সেই হিসেবে আগামী জুলাইয়ের শেষ বা আগস্টের শুরুতে নতুন নির্বাচন হতে পারে।
ভিওডি বাংলা/এফএ







