যাদবপুরে এক রাতেই চার ট্রান্সফরমার চুরি

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়নের যাদবপুর মাঠে এক রাতের ব্যবধানে চারটি বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার গভীর রাতে সংঘটিত এ ঘটনায় স্থানীয় কৃষকদের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক দেখা দিয়েছে। চুরি হওয়া ট্রান্সফরমারগুলো কৃষিজমিতে সেচকাজে ব্যবহৃত হওয়ায় চলতি মৌসুমে আবাদ ব্যাহত হওয়ার আশঙ্কা করছেন তারা।
শুক্রবার (৩ জুলোই) সকালে মাঠে গিয়ে কৃষকরা ট্রান্সফরমার চুরি হওয়ার বিষয়টি টের পান। পরে আশপাশে খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান মেলেনি।
স্থানীয় সূত্রে জানা গেছে, যাদবপুর গ্রামের কৃষক আবু জাফরের সেচ প্রকল্পের আওতায় থাকা তিনটি ট্রান্সফরমার এবং পাশের কয়া গ্রামের কৃষক আনার আলীর একটি ট্রান্সফরমার চুরি হয়েছে।
ভুক্তভোগী কৃষকদের দাবি, পরিকল্পিতভাবেই সংঘবদ্ধ চোরচক্র রাতের আঁধারে ট্রান্সফরমারগুলো খুলে নিয়ে গেছে। একসঙ্গে চারটি ট্রান্সফরমার চুরির ঘটনায় তারা নিরাপত্তা নিয়েও শঙ্কা প্রকাশ করেছেন। তাদের ভাষ্য, দ্রুত ট্রান্সফরমার উদ্ধার করা না গেলে সেচ কার্যক্রম বন্ধ হয়ে যেতে পারে, যার প্রভাব পড়বে কৃষি উৎপাদনে।
কৃষক আবু জাফর বলেন, “সেচের মৌসুমে এ ধরনের ঘটনা আমাদের জন্য বড় ধাক্কা। দ্রুত ব্যবস্থা না নিলে জমিতে পানি দেওয়া কঠিন হয়ে পড়বে।”
স্থানীয় কৃষকদের অভিযোগ, এর আগেও বিভিন্ন এলাকায় সেচযন্ত্র ও বৈদ্যুতিক সরঞ্জাম চুরির ঘটনা ঘটলেও কার্যকর প্রতিরোধ গড়ে ওঠেনি। তাই তারা প্রশাসনের টহল বৃদ্ধি এবং চোরচক্র শনাক্তে দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন।
এ বিষয়ে জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলায়মান সেখ জানান, ট্রান্সফরমার চুরির বিষয়টি তারা জেনেছেন। তবে এখনো থানায় আনুষ্ঠানিক কোনো অভিযোগ জমা পড়েনি। অভিযোগ পাওয়া গেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।
ভিওডি বাংলা/জা








মন্তব্য