ম্যাচের আগে আর্জেন্টিনার পরিকল্পনায় হঠাৎ পরিবর্তন

বিশ্বকাপের নকআউট পর্ব শুরু হওয়ায় এখন প্রতিটি ম্যাচই বাঁচা-মরার লড়াই। একটি পরাজয়েই শেষ হয়ে যেতে পারে শিরোপা জয়ের স্বপ্ন। এমন গুরুত্বপূর্ণ ম্যাচকে সামনে রেখে নিজেদের প্রস্তুতি পরিকল্পনায় পরিবর্তন এনেছে আর্জেন্টিনা।
কোচ লিওনেল স্কালোনির দল আজ কানসাস সিটিতে শেষ অনুশীলন সম্পন্ন করবে। বাংলাদেশ সময় গভীর রাতে অনুষ্ঠিতব্য এই সেশন শেষে কিছুটা বিশ্রাম নিয়ে মায়ামির উদ্দেশে রওনা দেবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা।
আগের সূচি অনুযায়ী ম্যাচের ঠিক আগের দিন মায়ামিতে পৌঁছানোর কথা ছিল আর্জেন্টিনার। তবে প্রস্তুতির সুবিধার্থে পরিকল্পনায় পরিবর্তন এনে আগেভাগেই সেখানে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে দল।
মায়ামিতে পৌঁছে ম্যাচের আগের শেষ ট্যাকটিক্যাল অনুশীলন করবে স্কালোনির শিষ্যরা। গুরুত্বপূর্ণ এই সেশনেই প্রতিপক্ষ কেপ ভার্দের বিপক্ষে সম্ভাব্য একাদশ ও রণকৌশলে চূড়ান্ত ছোঁয়া দেবেন আর্জেন্টিনা কোচ।
বাংলাদেশ সময় আগামী শনিবার ভোর ৪টায় মায়ামির হার্ড রক স্টেডিয়ামে বিশ্বকাপের নকআউট পর্বে কেপ ভার্দের মুখোমুখি হবে আর্জেন্টিনা।
হার্ড রক স্টেডিয়ামে খেলার অভিজ্ঞতা আর্জেন্টিনার জন্য নতুন নয়। অতীতেও এই ভেন্যুতে স্মরণীয় সাফল্য পেয়েছে আলবিসেলেস্তেরা। সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে শেষ ষোলোর লড়াইয়ে জয় নিয়েই কোয়ার্টার ফাইনালে জায়গা করে নেওয়ার লক্ষ্য মেসিদের।
ভিওডি বাংলা/বিন্দু








মন্তব্য