করিডোর হলে ২৪ ঘণ্টায় চীনে পণ্য যাবে: বাণিজ্যমন্ত্রী

বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, চীন-মিয়ানমার অর্থনৈতিক করিডোরে বাংলাদেশ যুক্ত হলে মাত্র ২৪ ঘণ্টায় ট্রাকযোগে বাংলাদেশ থেকে চীনে পণ্য পৌঁছানো সম্ভব হবে। এতে দুই দেশের বাণিজ্য ও বিনিয়োগ আরও বৃদ্ধি পাবে।
শনিবার (২৭ জুন) সিলেট জেলা আইনজীবী সমিতিতে নবীন আইনজীবীদের কর্মশালা ও নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মন্ত্রী জানান, চট্টগ্রামে ৮০০ একর জায়গাজুড়ে একটি চীনা শিল্পপার্ক স্থাপনের বিষয়ে সম্প্রতি মন্ত্রিসভায় সিদ্ধান্ত হয়েছে।
প্রধানমন্ত্রীর সাম্প্রতিক চীন সফরের প্রসঙ্গ তুলে তিনি বলেন, সফরকালে চীনের প্রধানমন্ত্রী, শীর্ষ নেতৃবৃন্দ ও বড় বিনিয়োগকারীদের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক হয়েছে। এর ফলে বাংলাদেশে চীনা বিনিয়োগ বাড়বে এবং দুই দেশের বাণিজ্য ঘাটতি কমবে।
তিনি আরও বলেন, চীন ইতোমধ্যে বাংলাদেশের সব পণ্যে শুল্কমুক্ত সুবিধা দিয়েছে। তাই দেশে আরও বেশি চীনা বিনিয়োগ আকর্ষণের ওপর সরকার গুরুত্ব দিচ্ছে।
শাহজালাল (রহ.) মাজার ব্যবস্থাপনা কমিটি নিয়ে এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, রাজনৈতিক বিবেচনায় নয়, নিয়ম মেনেই কমিটি গঠন করা হয়েছে।
অনুষ্ঠানে তিনি বলেন, আইনের শাসন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় আইনজীবীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পাশাপাশি অনলাইন জুয়া নিয়ন্ত্রণে কঠোর শাস্তির বিধান রেখে নতুন আইন সংসদে উত্থাপন করা হয়েছে এবং মাদকসংক্রান্ত মামলার দ্রুত নিষ্পত্তির জন্য বিশেষ ট্রাইব্যুনাল গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে।
এ সময় আইনজীবীদের পেশাগত দক্ষতা বাড়াতে আধুনিক প্রশিক্ষণব্যবস্থা চালুর ওপরও গুরুত্বারোপ করেন তিনি। কৃত্রিম বুদ্ধিমত্তা, আইনবিষয়ক গবেষণা, মামলার বিশ্লেষণ ও আদালতে কার্যকর উপস্থাপনা বিষয়ে নিয়মিত প্রশিক্ষণের আহ্বান জানান মন্ত্রী।
ভিওডি বাংলা/আ








মন্তব্য