বিএনপি নির্যাতিত মানুষের পক্ষে কাজ করে: আবদুস সালাম

বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম বলেছেন, বিএনপি সবসময় জনগণ, নিরীহ ও নির্যাতিত মানুষের পক্ষে কাজ করে। জনগণের সেবা নিশ্চিত করলেই দল ও দেশের প্রতি মানুষের আস্থা আরও বাড়বে।
শনিবার (২৭ জুন) রাজধানীর নয়াপল্টনের পিডব্লিউডি স্টাফ কোয়ার্টার জামে মসজিদ প্রাঙ্গণে পিডব্লিউডি ইউনিট বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচি ও পরিচ্ছন্নতা অভিযানে এসব কথা বলেন তিনি।
ডিএসসিসি প্রশাসক বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আদর্শ অনুসরণ করেই বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান দেশ এবং বিএনপিকে পরিচালনা করছেন।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য, সাবেক মন্ত্রী ও সাবেক ঢাকা সিটি করপোরেশনের মেয়র মির্জা আব্বাসের দ্রুত সুস্থতা কামনায় সবার কাছে দোয়া চেয়েছেন তিনি। এ সময় আবদুস সালাম বলেন, মির্জা আব্বাস সুস্থ হয়ে ফিরলে এলাকার উন্নয়নসংক্রান্ত দাবিগুলো তাঁর সঙ্গে আলোচনা করেই বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে।
পরিবেশ রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে দক্ষিণ সিটির প্রশাসক বলেন, পরিবেশ রক্ষা, খেলাধুলার প্রসার, পরিচ্ছন্ন নগর গঠন এবং চাঁদাবাজিমুক্ত রাজনীতি প্রতিষ্ঠায় সবাইকে একযোগে কাজ করতে হবে। আমরা যদি প্রকৃতিকে ধ্বংস করি, তাহলে প্রকৃতিও আমাদের রক্ষা করবে না।
তিনি আরও বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে বিশ্বজুড়ে তাপমাত্রা বেড়ে যাচ্ছে। নির্বিচারে গাছ কাটা, খাল-বিল ও পুকুর ভরাট এবং অপরিকল্পিত নগরায়ণের ফলে ঢাকার পরিবেশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তাই ভবিষ্যৎ নগর পরিকল্পনায় খোলা জায়গা সংরক্ষণ এবং বৃষ্টির পানি মাটিতে প্রবেশের সুযোগ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
ডিএসসিসি প্রশাসক বলেন, আগে এলাকায় খেলাধুলার চর্চা ছিল, এখন সেই পরিবেশ না থাকায় অনেক তরুণ মাদকাসক্তির দিকে ঝুঁকে পড়ছে। খেলাধুলার পরিবেশ ফিরিয়ে আনতে সবাইকে এগিয়ে আসতে হবে।
প্রত্যেককে অন্তত একটি করে গাছ লাগানোর আহ্বান জানিয়ে তিনি বলেন, জায়গা না থাকলে টব বা ছাদে গাছ লাগানো যেতে পারে। তবে কোথাও তিন দিনের বেশি পানি জমে থাকতে দেওয়া যাবে না, যাতে ডেঙ্গুর লার্ভা জন্মাতে না পারে।
নগর পরিচ্ছন্নতা প্রসঙ্গে তিনি বলেন, নিজের ঘরের মতো রাস্তা-ঘাটও পরিষ্কার রাখতে হবে। ড্রেনে ময়লা-আবর্জনা ফেলার কারণেই অল্প বৃষ্টিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়। নাগরিকদের সচেতন অংশগ্রহণেই পরিচ্ছন্ন ঢাকা গড়ে তোলা সম্ভব।
আসন্ন সিটি করপোরেশন নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, দল তাঁকে মেয়র নির্বাচনে অংশ নেওয়ার দায়িত্ব দিয়েছে। এ সময় তিনি এলাকাবাসীর কাছে সমর্থন ও ভোট কামনা করেন।
দলীয় নেতাকর্মীদের উদ্দেশে কঠোর হুঁশিয়ারি দিয়ে বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা আবদুস সালাম বলেন, আমাদের কোনো নেতাকর্মী বা তাদের পরিবারের সদস্য কোথাও চাঁদাবাজি করতে পারবে না। কেউ চাঁদাবাজির সঙ্গে জড়িত থাকলে দলে তার কোনো স্থান হবে না।
ভিওডি বাংলা/খতিব/এফএ








মন্তব্য