হাবিবসহ পাঁচ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে রায় রোববার, বিটিভিতে সম্প্রচার

জুলাই গণঅভ্যুত্থানে রাজধানীর রামপুরায় কার্নিশে ঝুলে থাকা এক তরুণকে গুলি করে হত্যা এবং আরও একজনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাবেক কমিশনার হাবিবুর রহমানসহ পাঁচ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে রায় ঘোষণা হবে রোববার (২৮ জুন)। রায়ের কার্যক্রম বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) সরাসরি সম্প্রচার করা হবে।
শনিবার (২৭ জুন) দুপুরে এ তথ্য জানান প্রসিকিউটর গাজী এম এইচ তামিম।
তিনি বলেন, পুনর্গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের পঞ্চম রায় ২৮ জুন ঘোষণা করা হবে। ট্রাইব্যুনাল-১ এ মামলার রায় দেবেন। মামলায় তদন্ত কর্মকর্তাসহ মোট ১৩ জন সাক্ষ্য দিয়েছেন।
এর আগে, গত ১৫ জুন দ্বিতীয় দফায় প্রসিকিউশন ও আসামিপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষ হয়। সেদিন রামপুরা পুলিশ ফাঁড়ির তৎকালীন সহকারী উপপরিদর্শক (এএসআই) চঞ্চল চন্দ্র সরকারের পক্ষে আইনজীবী সারওয়ার জাহান নিপ্পন যুক্তি উপস্থাপন করেন। তিনি দাবি করেন, এ ঘটনার সঙ্গে তার মক্কেলের কোনো সম্পৃক্ততা নেই। অন্যদিকে, চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম পাঁচ আসামির সর্বোচ্চ শাস্তি দাবি করেন। পরে উভয় পক্ষের যুক্তিতর্ক শেষে ২৮ জুন রায় ঘোষণার দিন নির্ধারণ করেন ট্রাইব্যুনাল।
গত ১০ জুন পুনরায় সাফাই সাক্ষ্য দেন চঞ্চল চন্দ্র সরকার। জবানবন্দিতে তিনি এক প্রসিকিউটরের বিরুদ্ধে অভিযোগও তোলেন। এর আগে চলতি বছরের ১৩ জানুয়ারি প্রথম দফায় সাক্ষ্য দেন তিনি।
এ মামলায় চঞ্চল চন্দ্র সরকার ছাড়া বাকি চার আসামি পলাতক। তারা হলেন—ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান, খিলগাঁও অঞ্চলের সাবেক অতিরিক্ত উপকমিশনার (এডিসি) মো. রাশেদুল ইসলাম, রামপুরা থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মশিউর রহমান এবং থানার সাবেক উপপরিদর্শক (এসআই) তারিকুল ইসলাম ভূঁইয়া।
এর আগে গত ৪ মার্চ রায় ঘোষণার দিন ধার্য ছিল। তবে নতুন ডিজিটাল আলামত উপস্থাপনের আবেদন করে প্রসিকিউশন। পরে প্রথম সাক্ষী আমির হোসেনকে পুনরায় সাক্ষ্য দিতে হয়।
গত বছরের ১৮ সেপ্টেম্বর পাঁচ আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন ট্রাইব্যুনাল-১। এর আগে ৭ আগস্ট প্রসিকিউশন অভিযোগপত্র দাখিল করে।
ভিওডি বাংলা/আ








মন্তব্য