স্বরাষ্ট্রমন্ত্রীর ‘অতি তৎপরতা’ নিজ দপ্তরে দরকার ছিল: রুমিন ফারহানা

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের অন্য মন্ত্রণালয় নিয়ে যতটা আগ্রহ ও সক্রিয়তা দেখা যায়, সেই মনোযোগ যদি তিনি নিজের মন্ত্রণালয়ে দিতেন, তাহলে দেশের মানুষ বেশি উপকৃত হতো।
শুক্রবার (২৬ জুন) বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার চুন্টা ইউনিয়নের ঘাগড়াজুড়ি এলাকায় একটি সড়কের নির্মাণকাজ পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
রুমিন ফারহানা বলেন, দেশের অর্থনীতি ও আইনশৃঙ্খলা পরিস্থিতি বর্তমানে সরকারের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এই দুই খাতে দৃশ্যমান অগ্রগতি না হলে সরকারের ভবিষ্যৎ সুখকর হবে না বলেও মন্তব্য করেন তিনি।
তিনি বলেন, নতুন অর্থবছরের জন্য যে বাজেট ঘোষণা করা হয়েছে, সেটির বাস্তবায়ন নিয়েও বড় ধরনের সংশয় রয়েছে। সংসদে বাজেট নিয়ে আলোচনার সময়ও তিনি এ বিষয়ে প্রশ্ন তুলেছেন বলে জানান।
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে রুমিন বলেন, সাম্প্রতিক সময়ে দেশের পরিস্থিতি অতীতের যেকোনো সময়ের তুলনায় বেশি নাজুক বলে মনে হচ্ছে। তার ভাষ্য, অর্থমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর ওপর সরকারের বড় দায়িত্ব থাকলেও বাস্তবে কাঙ্ক্ষিত কার্যকারিতা দেখা যাচ্ছে না।
স্বরাষ্ট্রমন্ত্রীকে উদ্দেশ করে তিনি বলেন, বিভিন্ন মন্ত্রণালয়ের বিষয়ে যতটা তৎপরতা দেখা যায়, সেই একই গুরুত্ব যদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কার্যক্রমে দেওয়া হতো, তাহলে জনগণ বাস্তব সুফল পেত।
এ সময় তিনি তথাকথিত ‘মামলা বাণিজ্য’ নিয়েও কথা বলেন। তার দাবি, বিভিন্ন এলাকায় বিএনপির কিছু স্থানীয় নেতাকর্মী মামলা কেন্দ্রিক অনিয়মে জড়িয়ে পড়ছেন। বিষয়টি সংসদেও উত্থাপন করেছেন বলে জানান তিনি।
রুমিন ফারহানা আরও বলেন, ক্ষমতায় থেকে কেউ অন্যায় করলে একদিন না একদিন তার জবাবদিহি করতেই হবে। তাই আইন ও ন্যায়ের প্রশ্নে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
সড়ক পরিদর্শনের সময় স্থানীয় নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।
ভিওডি বাংলা/জা








মন্তব্য