শিক্ষার্থী নেই, ৬২১ প্রতিষ্ঠানে ভর্তি বন্ধের সিদ্ধান্ত

দীর্ঘ সময় ধরে শিক্ষার্থী ভর্তি না হওয়ায় দেশের শত শত ভোকেশনাল শিক্ষাপ্রতিষ্ঠানের বিরুদ্ধে কঠোর অবস্থানে গেছে সরকার। ৬২১টি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের ভর্তি কার্যক্রম স্থগিত করার পাশাপাশি সেগুলোর পাঠদানের অনুমোদন বাতিলের সতর্কবার্তাও দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২৫ জুন) কারিগরি শিক্ষা বোর্ডের সচিব ও পরিদর্শক (অতিরিক্ত দায়িত্ব) মো. আল মাসুদ করিম স্বাক্ষরিত এক আদেশে এ সিদ্ধান্ত জানানো হয়।
বোর্ডের প্রকাশিত তালিকা অনুযায়ী, মোট ৬২১টি প্রতিষ্ঠানের মধ্যে এসএসসি (ভোকেশনাল) শিক্ষাক্রম পরিচালনাকারী ৪৪৩টি এবং দাখিল (ভোকেশনাল) শিক্ষাক্রমের ১৭৮টি প্রতিষ্ঠান রয়েছে।
আদেশে বলা হয়েছে, যেসব প্রতিষ্ঠানে দীর্ঘদিন ধরে কোনো শিক্ষার্থী ভর্তি করা হচ্ছে না, সেসব প্রতিষ্ঠানে ২০২৬-২৭ শিক্ষাবর্ষ থেকে সব ধরনের ভর্তি কার্যক্রম বন্ধ থাকবে। একই সঙ্গে কেন এসব প্রতিষ্ঠানের পাঠদানের অনুমোদন বাতিল বা প্রত্যাহার করা হবে না, সে বিষয়ে আগামী ২২ জুলাইয়ের মধ্যে যৌক্তিক ব্যাখ্যা বোর্ডে জমা দিতে বলা হয়েছে।
কারিগরি শিক্ষা বোর্ড জানিয়েছে, ‘বেসরকারি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন, পাঠদান ও স্বীকৃতি প্রদান সংক্রান্ত নীতিমালা-২০২৪’-এর উপবিধি ৪.২, ৪.৪ এবং ৫.৪ অনুযায়ী শর্ত পূরণে ব্যর্থ হওয়ায় এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে।
নীতিমালায় উল্লেখ রয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে ভর্তি কার্যক্রম, ফলাফল, অবকাঠামো উন্নয়ন, শিক্ষক-কর্মচারী নিয়োগ, ব্যবস্থাপনা কমিটি গঠন, আসবাবপত্র, যন্ত্রপাতি, লাইব্রেরি এবং পাঠদানের অনুমতির সময় আরোপিত অন্যান্য শর্ত পূরণে ব্যর্থ হলে বোর্ড সরকারের অনুমোদনক্রমে যেকোনো প্রতিষ্ঠানের পাঠদানের অনুমতি বাতিল বা প্রত্যাহার করতে পারবে।
ভিওডি বাংলা/এমএস








মন্তব্য