লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ৪ হাজার ছাড়াল

সাম্প্রতিক যুদ্ধবিরতি ও কূটনৈতিক উদ্যোগের মধ্যেও লেবাননে ইসরায়েলি হামলা অব্যাহত রয়েছে। বিশেষ করে দেশটির দক্ষিণাঞ্চলের নাবাতিয়েহ, বেকা উপত্যকা এবং সীমান্তবর্তী এলাকাগুলোতে হামলার মাত্রা বেড়েছে।
এর মধ্যে শুধুমাত্র শুক্রবারই নিহত হয়েছেন ৮৪ জন। এ নিয়ে নিহতের সংখ্যা ৪ হাজার ছাড়িয়ে গেছে। আর আহত হয়েছেন ১২ হাজারের বেশি মানুষ।
লেবাননের কর্তৃপক্ষ বলছে, হামলায় বেসামরিক মানুষের প্রাণহানি ক্রমেই বাড়ছে।
অন্যদিকে ইসরায়েল দাবি করছে, তারা হিজবুল্লাহর সামরিক অবকাঠামো ও অবস্থান লক্ষ্য করে অভিযান চালাচ্ছে।
সংবাদ মাধ্যম আলজাজিরার এক প্রতিবেদনে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২ মার্চ থেকে শুরু হওয়া ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত অন্তত ৪ হাজার ৫৭ জন নিহত এবং ১২ হাজার ১২১ জন আহত হয়েছেন।
শনিবার প্রকাশিত হালনাগাদ তথ্যে মন্ত্রণালয় জানায়, শুক্রবারের হামলায় নিহতের সংখ্যা আগের হিসাবের চেয়ে অনেক বেশি। সংশোধিত হিসাব অনুযায়ী শুক্রবার একদিনেই ৮৩ জন নিহত এবং ১৪১ জন আহত হয়েছেন।
মন্ত্রণালয়ের ভাষ্যমতে, নিহত ও আহতদের অধিকাংশই দক্ষিণ লেবাননের বাসিন্দা। এছাড়া দেশটির পূর্বাঞ্চলেও হতাহতের ঘটনা ঘটেছে।
এ অবস্থায় লেবাননে ইসরায়েলি হামলার প্রতিক্রিয়ায় গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালি জাহাজ চলাচলের জন্য বন্ধ করে দিয়েছে ইরান। দেশটির কেন্দ্রীয় সামরিক কমান্ড খাতাম আল-আনবিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্স ঘোষণা দিয়েছে।
এক বিবৃতিতে ইরানি সামরিক কর্তৃপক্ষ জানায়, লেবাননে ইসরায়েলের সাম্প্রতিক হামলা যুক্তরাষ্ট্র-ইরান চুক্তির লঙ্ঘন এবং সেই কারণেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
বিবৃতিতে আরো বলা হয়, ‘হরমুজ প্রণালি জাহাজ চলাচলের জন্য বন্ধ করা হলো। এটি শত্রুপক্ষের প্রতিশ্রুতি ভঙ্গের বিরুদ্ধে প্রথম পদক্ষেপ।’
এদিকে চার হাজারের বেশি মানুষের মৃত্যু এবং বারো হাজারের বেশি আহত হওয়ার ঘটনায় দেশটিতে মানবিক সংকট আরো গভীর হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। হাসপাতাল ও জরুরি সেবাদানকারী সংস্থাগুলোর ওপরও চাপ বাড়ছে।
ভিওডি বাংলা/এফএ







