শেরপুরে সরকারি খাদ্যবান্ধব কর্মসূচির ৩৩ টন চাল জব্দ, গ্রেপ্তার ১

শেরপুর শহরে খাদ্যবান্ধব কর্মসূচির বিপুল পরিমাণ সরকারি চাল জব্দ করেছে প্রশাসন। এ ঘটনায় একটি চালের গোডাউনের মালিককে আটক করা হয়েছে। শহরের চাপাতলী এলাকায় অভিযান চালিয়ে ৩৩ টন ১০০ কেজি চাল জব্দ করা হয়।
বৃহস্পতিবার (১৮ জুন) দিবাগত গভীর রাত ১টার দিকে শহরের চাপাতলী এলাকার জেবীন রাইস প্রসেসিংয়ের একটি গোডাউনে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে। অভিযানে খাদ্যবান্ধব কর্মসূচির সরকারি সিলযুক্ত বিপুল পরিমাণ চাল পাওয়া যায়।
আটক ব্যক্তি মো. বোরহান উদ্দিন শহরের কসবা কাছারিপাড়া এলাকার মৃত বাবুল মিয়ার ছেলে। তিনি ওই গোডাউনের মালিক বলে জানিয়েছে পুলিশ।
অভিযান সূত্রে জানা যায়, গোডাউনে খাদ্য অধিদফতরের ৫০ কেজি ওজনের ৫০০ বস্তা এবং ৩০ কেজি ওজনের আরও ২৭০ বস্তা চাল মজুদ ছিল। মোট ৭৭০ বস্তায় থাকা চালের পরিমাণ দাঁড়ায় ৩৩ টন ১০০ কেজি। এসব চাল অন্যত্র পাচারের উদ্দেশ্যে সংরক্ষণ করা হয়েছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
জব্দ চালের আনুমানিক বাজারমূল্য ১৬ লাখ ২১ হাজার ৯০০ টাকা বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। পরে চালগুলো জব্দ করে গোডাউনটি সিলগালা করা হয়। একই সঙ্গে মালিক বোরহান উদ্দিনকে আটক করা হয়।
শেরপুর সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুল হাসানের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানা, খাদ্য অধিদফতরের কর্মকর্তা এবং পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুল হাসান জানান, খাদ্যদ্রব্য উৎপাদন, মজুদ, পরিবহন ও বিপণনে ক্ষতিকর কার্যক্রম প্রতিরোধসংক্রান্ত আইনের সংশ্লিষ্ট ধারায় জুডিশিয়াল আদালতে মামলা দায়েরের জন্য সদর থানাকে নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি আটক ব্যক্তিকে আদালতে পাঠানোর নির্দেশও দেওয়া হয়েছে।
সদর থানার ওসি মো. সোহেল রানা বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি সরকারি চালের বৈধ হিসাব দেখাতে পারেননি। এ কারণে নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
তিনি আরও জানান, জব্দ চালগুলো গোডাউনে সংরক্ষণ করে সিলগালা করা হয়েছে। একই সঙ্গে আটক ব্যক্তিকে আদালতে পাঠানো এবং মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।
ভিওডি বাংলা/জা







