যুবলীগ নেতা রেজাউল করিম জাকির আটক

ঝালকাঠি জেলা যুবলীগের আহ্বায়ক রেজাউল করিম জাকিরকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বৃহস্পতিবার (১৮ জুন) দুপুরে রাজধানীর শাহবাগ থানাধীন পিজি হাসপাতালের সামনে থেকে তাকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ হাসান।
আটক রেজাউল করিম জাকির ঝালকাঠি পৌর শহরের বিকনা এলাকার সুলতান হাওলাদারের ছেলে। তিনি ২০২০ সালের ৬ আগস্ট থেকে জেলা যুবলীগের আহ্বায়কের দায়িত্ব পালন করে আসছিলেন। এছাড়া তিনি ঝালকাঠি পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ছিলেন।
পুলিশ সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন।
ঝালকাঠি সদর থানার ওসি মাহমুদ হাসান বলেন, জেলা যুবলীগের আহ্বায়ক রেজাউল করিম জাকিরকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে ঝালকাঠিতে একাধিক মামলা রয়েছে।
ভিওডি বাংলা/আ







