বিসিসি প্রশাসকের নাম ব্যবহার করে যা চলছে

সামাজিক যোগাযোগমাধ্যমে বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীনের নাম ও পদবি ব্যবহার করে একটি ভুয়া ভাড়ার তালিকা সম্বলিত ফটোকার্ড প্রচার করার অভিযোগ উঠেছে। এরই মধ্যে ফটোকার্ডটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। তবে সিটি করপোরেশনের দাবি, এই ফটোকার্ডে বর্ণিত তথ্যসমূহ সম্পূর্ণরূপে মিথ্যা, ভিত্তিহীন ও বানোয়াট।
মঙ্গলবার (১৬ জুন) দুপুরে বরিশাল সিটি করপোরেশনের পক্ষ থেকে বিষয়টি নিশ্চত করেন প্রেস সচিব সাকলাইন মোস্তাক।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভুয়া ভাড়ার তালিকা সম্বলিত ফটোকার্ডে বরিশাল নগরীর বিভিন্ন এলাকার হলুদ অটো ও সিএনজিচালিত অটোরিকশার ভাড়া নির্ধারণ করে দেওয়া হয়।
এদিকে বরিশাল সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল বারী জানান, নগরীতে চলাচলকারী হলুদ অটো ও সিএনজিচালিত অটোরিকশার ভাড়াসংক্রান্ত বিষয়ে এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। এ বিষয়ে সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে যথাযথ আলোচনা ও সমন্বয় সাপেক্ষে পরবর্তীতে ভাড়া নির্ধারণ করা হবে। গুজবে বিভ্রান্ত না হওয়ার জন্য নগরবাসীর প্রতি বিশেষ অনুরোধ রইল। এ ধরনের ভুয়া তথ্য ছড়ানো থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্ট সকলকে সতর্ক করা হচ্ছে।
ভিওডি বাংলা/এফএ







