উত্তরায় পৃথক মামলায় গ্রেপ্তার ৬, মুক্তিপণের ২৫ লাখ টাকা উদ্ধার

রাজধানীর উত্তরা পশ্চিম থানা পুলিশ পৃথক তিনটি অভিযানে অপহৃত একজনকে উদ্ধারসহ ছয়জনকে গ্রেপ্তার করেছে। এ সময় মুক্তিপণের ২৫ লাখ টাকা, বিপুল পরিমাণ স্বর্ণালংকার ও ইয়াবা উদ্ধার করা হয়েছে।
থানা সূত্রে জানা যায়, রোববার (১৪ জুন) রাত সাড়ে ১০টার দিকে দক্ষিণখান এলাকায় অভিযান চালিয়ে আব্দুল আলিম বাবু (৩০), মো. সজিব মিয়া (২৯), মো. ময়নুদ্দিন (৪০) ও মো. মহিউদ্দিনকে (৩৬) গ্রেপ্তার করা হয়। এ সময় অপহৃত আজিবুর রহমানকে (৫০) উদ্ধার করা হয় এবং মুক্তিপণের ২৫ লাখ টাকা জব্দ করা হয়। এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে।
এদিকে প্রতারণা ও আত্মসাতের অভিযোগে দায়ের করা একটি মামলার তদন্তে তথ্যপ্রযুক্তির সহায়তায় লক্ষ্মীপুর সদর এলাকায় অভিযান চালিয়ে নুর হোসাইন সোহাগকে গ্রেপ্তার করে পুলিশ। তার কাছ থেকে ৯ ভরি স্বর্ণের চেইনসহ প্রায় ২৩ লাখ ৬০ হাজার টাকা মূল্যের স্বর্ণালংকার ও ইলেকট্রনিকস সামগ্রী উদ্ধার করা হয়।
অপর এক অভিযানে রোববার সন্ধ্যায় উত্তরা পশ্চিম থানার ৫ নম্বর সেক্টর এলাকা থেকে মো. জামাল নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ১৩৯ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানো হয়েছে এবং সংশ্লিষ্ট মামলাগুলোর তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।
ভিওডি বাংলা/আ







