মালদ্বীপে বাংলাদেশি ওয়ার্ক পারমিটে ঘুস বাণিজ্য, জড়ালেন প্রেসিডেন্ট

বাংলাদেশি নাগরিকদের ওয়ার্ক পারমিট অনুমোদনকে কেন্দ্র করে ঘুস ও দুর্নীতির অভিযোগে মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জুর বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছেন দেশটির সাবেক ইমিগ্রেশন কন্ট্রোলার জেনারেল শাম্মান ওয়াহিদ।
স্থানীয় গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, ‘প্রতিটি ওয়ার্ক পারমিটের বিপরীতে ৮ হাজার মালদ্বীপীয় রুফিয়া ঘুস আদায়ের বিষয়টি তিনি রাষ্ট্রপতিকে সরাসরি অবহিত করেছিলেন। তবে অভিযোগ অনুযায়ী, বিষয়টি জানার পরও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।’
সংবাদ সম্মেলনে শাম্মান দাবি করেন, তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আলী ইহুসানের মাধ্যমে এই প্রক্রিয়া পরিচালিত হচ্ছিল এবং রাষ্ট্রপতি পুরো বিষয়টি সম্পর্কে অবগত ছিলেন। এ সংক্রান্ত চ্যাট ও অডিও রেকর্ডও রয়েছে, যদিও বর্তমানে তার মোবাইল ফোন পুলিশের হেফাজতে রয়েছে।
শাম্মানের অভিযোগ, রাষ্ট্রপতির নিষ্ক্রিয়তা নিজেই একটি দুর্নীতিমূলক কর্মকাণ্ডের শামিল। তবে প্রেসিডেন্ট কার্যালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে এ অভিযোগের বিষয়ে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
ভিওডি বাংলা/বিন্দু







