ব্রাজিলের পতাকা টাঙাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

ফুটবল বিশ্বকাপের উন্মাদনায় প্রিয় দল ব্রাজিলের পতাকা টাঙাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. ফয়সাল হোসেন (১৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (৯ জুন) সন্ধ্যায় মানিকগঞ্জ সদর উপজেলার ভাটবাউর এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কের পাশে অবস্থিত তাসনুভা ফিলিং স্টেশনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ফয়সাল হোসেন স্থানীয় মুন্নু মিয়ার ছেলে। তিনি তাসনুভা ফিলিং স্টেশনে নোজেলম্যান হিসেবে কর্মরত ছিলেন।
থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ফুটবলপ্রেমী ফয়সাল বিশ্বকাপকে ঘিরে নিজের পছন্দের দল ব্রাজিলের পতাকা টাঙানোর উদ্যোগ নেন। এ উদ্দেশ্যে তিনি ফিলিং স্টেশনসংলগ্ন একটি আমগাছে ওঠেন। পতাকা স্থাপনের জন্য তিনি একটি স্টেইনলেস স্টিলের (এসএস) পাইপ ব্যবহার করছিলেন। এ সময় গাছের ওপর দিয়ে অতিক্রম করা ১১ হাজার ভোল্টের উচ্চক্ষমতাসম্পন্ন বৈদ্যুতিক লাইনের কাছাকাছি চলে যায় পাইপটি।
প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ ঝোড়ো বাতাসের কারণে পাইপটি বিদ্যুতের তারের সংস্পর্শে এলে ফয়সাল বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে তিনি গাছ থেকে নিচে পড়ে গুরুতর আহত হন। ঘটনাস্থলে উপস্থিত লোকজন দ্রুত তাকে উদ্ধার করে মানিকগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন বলেন, ঘটনাটি একটি দুর্ঘটনা বলে প্রাথমিকভাবে জানা গেছে। পুলিশ লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেছে। এ ঘটনায় কোনো লিখিত অভিযোগ পাওয়া গেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
ভিওডি বাংলা/সুজন মাহমুদ/আ







