১৩ জুন শহীদ জিয়া-বেগম খালেদার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করবে যুবদলের নতুন কমিটি

নবনির্বাচিত কেন্দ্রীয় নেতৃত্বকে নিয়ে বিশেষ কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল। আগামী ১৩ জুন রাজধানীর আগারগাঁওয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করবেন সংগঠনটির নতুন নেতারা।
যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির পক্ষ থেকে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, শনিবার (১৩ জুন) সকাল ১১টায় আগারগাঁওয়ে অবস্থিত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ ও দোয়া-মোনাজাতের আয়োজন করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, এ সময় স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক, আধুনিক বাংলাদেশের স্থপতি এবং যুবদলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করবেন নবনির্বাচিত নেতৃবৃন্দ। একইসঙ্গে গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনের অন্যতম নেত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সমাধিতেও শ্রদ্ধা জানানো হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিএনপির মহাসচিব এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর উপস্থিত থাকবেন বলে জানানো হয়েছে।
যুবদলের কেন্দ্রীয় সভাপতি আবদুল মোনায়েম মুন্না এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন এমপি কেন্দ্রীয়, ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ যুবদলের নেতাকর্মীদের যথাসময়ে উপস্থিত থেকে স্বতঃস্ফূর্তভাবে কর্মসূচিতে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এই কর্মসূচির মাধ্যমে নবনির্বাচিত নেতৃত্ব সংগঠনের প্রতিষ্ঠাতা ও দলের শীর্ষ নেতাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবে এবং গণতন্ত্র, জাতীয়তাবাদ ও দেশের উন্নয়নের ধারাবাহিকতা এগিয়ে নেওয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করবে।
বিজ্ঞপ্তিটি পাঠিয়েছেন যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক (দপ্তরের দায়িত্বে) মিনহাজুল ইসলাম ভূঁইয়া।
ভিওডি বাংলা/এমএস







