তীব্র গরমের মধ্যে স্বস্তির খবর দিল আবহাওয়া অফিস

টানা কয়েক দিনের ঝড়-বৃষ্টির পর দেশের বিভিন্ন অঞ্চলে আবারও গরমের তীব্রতা বেড়েছে। বর্তমানে রাজশাহী, রংপুর ও খুলনা বিভাগের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। তবে স্বস্তির খবর হলো, আগামী ৪ জুন থেকে দেশের অধিকাংশ এলাকায় বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে, ফলে তাপমাত্রা কিছুটা হ্রাস পাওয়ার সম্ভাবনা রয়েছে।
সোমবার (১ জুন) রাতে প্রকাশিত বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের চার দিনের পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
আবহাওয়াবিদদের মতে, দেশের পশ্চিম ও উত্তরাঞ্চলের কয়েকটি এলাকায় চলমান মৃদু তাপপ্রবাহ আগামী ৩ জুন পর্যন্ত অব্যাহত থাকতে পারে। এ সময় দিনের বেলায় গরমের অনুভূতি বেশি থাকবে।
পূর্বাভাস অনুযায়ী, মঙ্গলবার (২ জুন) সকাল ৬টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টায় চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক এলাকায় বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই সময়ে ময়মনসিংহ, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু এলাকায় অস্থায়ী দমকা হাওয়াসহ বৃষ্টিপাত হতে পারে।
অন্যদিকে ৪ জুন থেকে আবহাওয়ার পরিবর্তনের ইঙ্গিত দিয়েছে আবহাওয়া অফিস। এ সময় ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ এলাকায় বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। পাশাপাশি রংপুর, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের বিভিন্ন স্থানেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
৫ জুনেও দেশের বিস্তীর্ণ অঞ্চলে বৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে। বিশেষ করে রংপুর, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম, বরিশাল ও সিলেট বিভাগের অনেক এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।
ভিওডি বাংলা/জা







