রোহিঙ্গাদের সহায়তায় ২০ লাখ ইউরো দিচ্ছে ফিনল্যান্ড

বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের জীবন রক্ষাকারী সহায়তা ও সুরক্ষা কার্যক্রম অব্যাহত রাখতে ২০ লাখ ইউরো অনুদান দিচ্ছে ফিনল্যান্ড সরকার। জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএনএইচসিআর গতকাল রোববার (৩১ মে) এ তথ্য জানিয়েছে।
ইউএনএইচসিআর জানায়, নতুন এই অর্থায়নের মাধ্যমে দক্ষতা উন্নয়ন ও আত্মনির্ভরশীলতা বৃদ্ধিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ খাতে বিদ্যমান অর্থসংকট মোকাবিলা করা সম্ভব হবে। এসব খাতে দীর্ঘদিন ধরে পর্যাপ্ত অর্থের ঘাটতি ছিল।
বাংলাদেশে ইউএনএইচসিআরের প্রতিনিধি ইভো ফ্রেইসেন বলেন, ‘রোহিঙ্গা সংকট মোকাবিলার প্রচেষ্টা বর্তমানে একটি নাজুক পর্যায়ে রয়েছে। ক্রমহ্রাসমান তহবিল, শিবিরগুলোর অবনতিশীল পরিস্থিতি, বাড়তে থাকা সুরক্ষা ঝুঁকি এবং মিয়ানমারের চলমান অস্থিতিশীলতা তার প্রমাণ। এ পরিস্থিতিতে ফিনল্যান্ডের বাড়তি সহায়তা তাদের উদারতা ও দায়িত্বশীলতার পরিচয় বহন করে।’
তিনি আরও বলেন, ‘মিয়ানমারের পরিস্থিতি নিরাপদ, স্বেচ্ছা ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের অনুকূল না হওয়া পর্যন্ত রোহিঙ্গা পরিবারগুলোর সুরক্ষা নিশ্চিত করা এবং তাদের জীবনমান উন্নয়নে সহায়তা করা আমাদের সম্মিলিত দায়িত্ব। ফিনল্যান্ডের এ সহায়তা সেই দায়িত্ব পালনের প্রতিশ্রুতিকেই আরও শক্তিশালী করেছে।’
নয়াদিল্লিতে ফিনল্যান্ড দূতাবাসের ভারপ্রাপ্ত প্রধান মারি আহমেদ বলেন, ‘ফিনল্যান্ড বাংলাদেশ ও রোহিঙ্গা জনগণের পাশে রয়েছে। বাস্তুচ্যুত হওয়ার প্রায় এক দশক পরও রোহিঙ্গারা তাদের জীবন পুনর্গঠনের সুযোগের অপেক্ষায় আছে।’
ভিওডি বাংলা/আ







