ঈদের আনন্দে নানাবাড়ি এসে পুকুরে ডুবে প্রাণ গেল শিশুর

ঈদের আনন্দ ভাগাভাগি করতে নানা বাড়িতে এসে আর ফেরা হলো না ছোট্ট এক শিশুর। মুহূর্তেই সেই আনন্দ রূপ নিল গভীর শোকে। কুড়িগ্রামের রাজিবপুর উপজেলার শিবেরডাঙ্গী নয়াপাড়া এলাকায় পুকুরের পানিতে ডুবে ৪ বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
রোববার (৩১ মে) সকাল আনুমানিক ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশুটি ময়মনসিংহ জেলার মুক্তাগাছা উপজেলার বাসিন্দা আবু সাঈদের কন্যা।স্থানীয় সূত্রে জানা যায়, ঈদ উপলক্ষে শিশুটির মা সাবিনা ইয়াসমিন মেয়েকে নিয়ে রাজিবপুর উপজেলার শিবেরডাঙ্গী নয়াপাড়ায় তার বাবার বাড়িতে বেড়াতে আসেন।
সকালে বাড়ির পাশের একটি পুকুরের পাড়ে খেলতে গিয়ে সবার অগোচরে শিশুটি পানিতে পড়ে যায়। কিছুক্ষণ পর শিশুটিকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। পরে আত্মীয়-স্বজন ও স্থানীয়রা পুকুরে তল্লাশি চালিয়ে শিশুটিকে উদ্ধার করেন।
তাৎক্ষণিকভাবে রাজিবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। চিকিৎসকের ভাষ্য, হাসপাতালে আনার আগেই শিশুটির মৃত্যু হয়েছে।নিহত শিশুটির মা সাবিনা ইয়াসমিন কান্নাজড়িত কণ্ঠে বলেন, ঈদের আনন্দ করতে মেয়েকে নিয়ে বাবার বাড়িতে এসেছিলাম।
কয়েক মুহূর্তের জন্য চোখের আড়াল হয়েছিল। এরপর আর আমার মেয়েকে জীবিত ফিরে পেলাম না।শিশুটির নানা সিকিম সুরমান বলেন, ঈদকে ঘিরে পরিবারে আনন্দের পরিবেশ ছিল। কে জানত এমন একটি দুর্ঘটনা সব আনন্দ কেড়ে নেবে। নাতনির মৃত্যুতে পুরো পরিবার শোকাহত।
ভিওডি বাংলা/মো. এরশাদুল হক/জা







