মানিকগঞ্জে ভাবি ও ভাতিজাকে কুপিয়ে হত্যা

মানিকগঞ্জের দৌলতপুর উপজেলায় বড় ভাইয়ের স্ত্রী ও দেড় বছর বয়সী ভাতিজাকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে দেবরের বিরুদ্ধে। এ ঘটনায় বড় ভাই আব্দুস ছালাম (৪০) গুরুতর আহত হয়েছেন।
শনিবার (৩০ মে) রাত ১০টার দিকে উপজেলার বাচামারা ইউনিয়নের ফকিরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন-আব্দুস ছালামের স্ত্রী আমেনা (২৮) ও তাদের দেড় বছর বয়সী ছেলে আসওয়াদ। অভিযুক্ত ছোট ভাইয়ের নাম ইউসুফ আলী। ঘটনার পর থেকে তিনি পলাতক রয়েছেন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, আব্দুস ছালাম ও তার ছোট ভাই ইউসুফ আলীর মধ্যে দীর্ঘদিন ধরে পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ চলছিল। সম্প্রতি সেই বিরোধ আরও তীব্র হয়ে ওঠে। এরই জেরে গতকাল রাতে ইউসুফ ধারালো অস্ত্র নিয়ে ভাইয়ের বাড়িতে প্রবেশ করে ভাবি আমেনা ও ভাতিজা আসওয়াদের ওপর হামলা চালান। হামলায় ঘটনাস্থলেই মা-ছেলের মৃত্যু হয়। পরে বাধা দিতে গেলে আব্দুস ছালামের ওপরও হামলা চালানো হয়। গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে নেয়া হয়। ঘটনাস্থল থেকে একটি দা ও একটি হাতুড়ি উদ্ধার করা হয়েছে।
দৌলতপুর থানার ওসি স্বপন কুমার সরকার বলেন, প্রাথমিকভাবে পারিবারিক বিরোধের জেরেই এ হত্যাকাণ্ড ঘটেছে বলে জানা গেছে। মরদেহ উদ্ধার করা হয়েছে এবং অভিযুক্তকে গ্রেপ্তারে অভিযান চলছে।
ভিওডি বাংলা/বিন্দু







