সারা দেশে জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী পালিত

দেশজুড়ে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী। দিবসটি উপলক্ষে রাজনৈতিক দল বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে দোয়া মাহফিল, শোকসভা, আলোচনা সভা এবং অসহায় মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
আয়োজকরা জানান, সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো এবং মানবিক সহায়তা পৌঁছে দেওয়াই এসব কর্মসূচির মূল লক্ষ্য। একই সঙ্গে বিভিন্ন স্থানে দলীয় নেতাকর্মীরা জিয়াউর রহমানের রাজনৈতিক আদর্শ, বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা এবং রাষ্ট্র পরিচালনায় তার ভূমিকা স্মরণ করেন।

নেত্রকোনা-কেন্দুয়া: শোকযাত্রা ও আলোচনা সভায় শ্রদ্ধা
নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে ব্যাপক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩০ মে) কেন্দুয়া পৌর শহরের দলীয় কার্যালয়ে উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে আলোচনা সভা, দোয়া মাহফিল ও শোক মিছিলের আয়োজন করা হয়।
কর্মসূচির শুরুতে একটি শোক মিছিল শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে দলীয় কার্যালয়ে এসে আলোচনা সভায় মিলিত হয় নেতাকর্মীরা। এতে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে বিপুল সংখ্যক নেতাকর্মীর অংশগ্রহণ লক্ষ্য করা যায়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- নেত্রকোনা জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও নেত্রকোনা-৩ (আটপাড়া-কেন্দুয়া) আসনের সংসদ সদস্য ড. রফিকুল ইসলাম হিলালী। তিনি জিয়াউর রহমানের রাজনৈতিক জীবন, দেশপ্রেম এবং বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠায় তার ভূমিকা তুলে ধরেন।

ইসলামী বিশ্ববিদ্যালয়: শোকযাত্রা, শ্রদ্ধাঞ্জলি ও আলোচনা
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে একাধিক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শোকযাত্রা, পুষ্পস্তবক অর্পণ এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
শোকযাত্রাটি প্রশাসন ভবনের সামনে থেকে শুরু হয়ে ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়কসমূহ প্রদক্ষিণ করে শহীদ রাষ্ট্রপতির প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের প্রথম ভিত্তিপ্রস্তরের সামনে গিয়ে শেষ হয়। সেখানে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান।
ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. এম এয়াকুব আলী বক্তব্যে বলেন, ১৯৭১ সালের স্বাধীনতার পর দেশের উন্নয়ন ও আন্তর্জাতিক শ্রমবাজারে বাংলাদেশের অবস্থান সুদৃঢ় করতে জিয়াউর রহমান গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।
তিনি আরও বলেন, খাল খনন কর্মসূচি ও কৃষি উন্নয়ন উদ্যোগের মাধ্যমে খাদ্য উৎপাদন বৃদ্ধি পায় এবং দেশের অর্থনৈতিক ভিত্তি শক্তিশালী হয়।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- বিভিন্ন শিক্ষক সংগঠন, কর্মকর্তা ও ছাত্রনেতারা। পরে দোয়া মাহফিলের মাধ্যমে কর্মসূচির সমাপ্তি ঘটে।

কুড়িগ্রাম: দোয়া, আলোচনা ও কাঁঙ্গালী ভোজ
কুড়িগ্রামে বিএনপির উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী পালন করা হয়েছে।
শনিবার সকাল ১১টায় জেলা বিএনপির কার্যালয়ে আলোচনা সভা, মিলাদ মাহফিল এবং দরিদ্রদের জন্য কাঁঙ্গালী ভোজের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে জেলা বিএনপির শীর্ষ নেতৃবৃন্দসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তারা জিয়াউর রহমানের রাজনৈতিক জীবন ও বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠার অবদান স্মরণ করেন।
বক্তারা বলেন, তার আদর্শ ধারণ করে গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলন অব্যাহত থাকবে।

ব্রাহ্মণবাড়িয়ায়
ব্রাহ্মণবাড়িয়ায় শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষ্যে মিলাদ, দোয়া মাহফিল এবং দুঃস্থদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩০ মে) সকাল ১০টায় জেলা শহরের পৌর কমিউনিটি সেন্টারে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে এ আয়োজন করা হয়। কর্মসূচির শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে শহীদ প্রেসিডেন্টের রুহের মাগফিরাত কামনা করা হয়। পরে স্থানীয় পৌর এলাকার ১ থেকে ১২ নম্বর ওয়ার্ডের অসহায় ও দরিদ্র মানুষের মধ্যে খাদ্য সহায়তা বিতরণ করা হয়।
অনুষ্ঠানে জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী ছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহমুব শ্যামল। তিনি বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে বিএনপির নেতাকর্মীরা দীর্ঘদিন ধরে আন্দোলন চালিয়ে যাচ্ছেন। অতীত সময়ে বিরোধী রাজনৈতিক শক্তির ওপর দমন-পীড়ন চালানো হলেও সংগঠনটি আন্দোলন থেকে সরে আসেনি বলে তিনি উল্লেখ করেন।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে মিলাদ ও বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। এতে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি-সমৃদ্ধি কামনা করা হয়। পরে অতিথিরা উপস্থিত হতদরিদ্রদের হাতে খাদ্যসামগ্রী তুলে দেন।

রাজশাহীতে বইমেলা ও রক্তদান কর্মসূচি
রাজশাহীতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান-এর ৪৫তম শাহাদত বার্ষিকী উপলক্ষে বইমেলা ও স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
শনিবার (৩০ মে) সকাল ১১টায় নগরীর ভুবন মোহন পার্কে জিয়া স্মৃতি পাঠাগার ও রাজশাহী মহানগর ছাত্রদলের যৌথ উদ্যোগে এ আয়োজনের উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু, এমপি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মো. মাহফুজুর রহমান রিটন। উদ্বোধনের পর অতিথিরা বইমেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন।
এছাড়াও অনুষ্ঠানে বিএনপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তাদের মধ্যে ছিলেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ শাহীন শওকত, মহানগর বিএনপির সভাপতি মামুন-অর-রশিদ মামুন, সিনিয়র সহ-সভাপতি নজরুল হুদা, সহ-সভাপতি ওয়ালিউল হক রানা, ছাত্রদলের আহ্বায়ক রাকিন রায়হান রবিন ও সদস্য সচিব এমদাদুল হক লিমনসহ বিভিন্ন পর্যায়ের নেতারা।
ভিওডি বাংলা/জা







