ডিএনসিসি প্রশাসক
মেট্রোরেলের ‘ভাঙা গ্রিল’ ও ‘নষ্ট লিফটের’ ছবি এআই দিয়ে তৈরি

মেট্রোরেল স্টেশন এলাকায় কোরবানির হাটকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ছবি ও তথ্যকে ‘সম্পূর্ণ অসত্য’ এবং ‘বিভ্রান্তিকর’ বলে দাবি করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান। তিনি জানান, এসব ছবি এআই দিয়ে তৈরি করে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তি ছড়ানো হয়েছে।
শনিবার (৩০ মে) কোরবানির বর্জ্য অপসারণ কার্যক্রমের সবশেষ অগ্রগতি জানাতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ দাবি করেন।
ডিএনসিসি প্রশাসক বলেন, ‘মেট্রোরেল নিয়ে অনেকে অনেক ধরনের কথা বলেছিল। আমি নিজে উপস্থিত থেকে সেখানে পরিষ্কার করেছি। বিভিন্নভাবে সরকার এবং ডিএনসিসির ভাবমূর্তি নষ্ট করতে অনেকে এআই ছবি দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে মেট্রোরেলের পাশে থাকা গ্রিল ভেঙে গেছে, মেট্রোরেলের যাত্রীরা যে লিফট ব্যবহার করেন সেটি অচল করে দেয়া হয়েছে— বলে যে বিভ্রান্তিকর পোস্ট করা হয়েছে, সেগুলো সম্পূর্ণ অসত্য।’
এখন পর্যন্ত উত্তর সিটির আওতাধীন চারটি গরুর হাট পুরোপুরি পরিষ্কার করা হয়েছে। বাকি ছয়টি হাট পরিষ্কারের কাজ চলছে বলেও জানান শফিকুল ইসলাম।
সংবাদ সম্মেলনে ঈদুল আজহা উপলক্ষে ডিএনসিসির বর্জ্য অপসারণ কার্যক্রমের হালনাগাদ তথ্যও তুলে ধরেন প্রশাসক। তিনি জানান, ঈদের দিন থেকে শনিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত মোট ১৮ হাজার ৩৪৪ টন কোরবানির বর্জ্য ল্যান্ডফিলে ডাম্পিং করা হয়েছে।
শফিকুল ইসলাম খান আরও বলেন, ‘ঈদুল আজহা উপলক্ষে নির্ধারিত ৭২ ঘণ্টার পরিকল্পনা অনুযায়ী বর্জ্য অপসারণ কার্যক্রম চলছে। ঈদের দিন ৮০ হাজার ৭৬.৪৮ টন, দ্বিতীয় দিন ৬৭ হাজার ১৪.০৩ টন এবং তৃতীয় দিন ৩ হাজার ৫৫৩ টন বর্জ্য অপসারণ করা হয়েছে।’
ভিওডি বাংলা/এফএ







