• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
বাংলাদেশে বিনিয়োগে বিদেশিদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান দিল্লিতে বিক্ষোভ অব্যাহত, বন্ধ ১৬ মেট্রো স্টেশন দুপুরের মধ্যে ১০ জেলায় ঝড়-বৃষ্টির আশঙ্কা দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৪৬ বিলিয়ন ডলার জামায়াতের নাম থেকে ‘ইসলামী’ শব্দ বাদ দেওয়ার দাবি যুবদল সভাপতির সড়ক নিরাপত্তায় জবাবদিহিতা ও সমন্বিত বাস্তবায়নের আহ্বান বাংলাদেশের আরও ১৭ পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর দিচ্ছে সরকার ঘরে ঘরে স্বাস্থ্য পরীক্ষা চালু, নিয়োগ পাবেন ১ লাখ স্বাস্থ্যকর্মী ‘তারুণ্যের আকাঙ্ক্ষাকে ধারণ করে দক্ষ জনশক্তি গড়ে তোলা হবে’ ধানমন্ডি রবীন্দ্র সরোবরে ইজারাবহির্ভূত দোকান উচ্ছেদ

ঠোঁটকাটা-তালুকাটা শিশুদের সুখবর দিলেন স্বাস্থ্যমন্ত্রী

  নিজস্ব প্রতিবেদক
প্রকাশ:  ২৩ জুলাই ২০২৬, ০২:০২ পি.এম.
শেয়ার করুন 0
অনুষ্ঠানে বক্তব্য রাখছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। ছবি: সংগৃহীত
অনুষ্ঠানে বক্তব্য রাখছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। ছবি: সংগৃহীত

জন্মগতভাবে ঠোঁটকাটা ও তালুকাটা সমস্যায় আক্রান্ত শিশুদের চিকিৎসা ও পুনর্বাসনকে আরও বিস্তৃত পরিসরে নিয়ে যেতে জাতীয় কর্মসূচি গ্রহণের ঘোষণা দিয়েছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি বলেছেন, সরকারি-বেসরকারি অংশীদারত্বের মাধ্যমে এ ধরনের উদ্যোগকে স্থায়ী রূপ দেওয়া হলে দেশের আরও বেশি শিশু উপকৃত হবে।

বুধবার (২২ জুলাই) রাতে রাজধানীর গুলশান ক্লাবে ‘ঢাকায় স্মাইল এশিয়ার অষ্টম আন্তর্জাতিক ফ্রেন্ডশিপ মেডিকেল মিশন’ উপলক্ষে আয়োজিত এক গালা ডিনারে তিনি এ কথা বলেন।

বৃহস্পতিবার (২৩ জুলাই) স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগ এ তথ্য জানায়।

অনুষ্ঠানটি আয়োজন করে সরকারি কর্মচারী হাসপাতাল। এতে সহযোগিতা করে স্মাইল এশিয়া, জনপ্রশাসন মন্ত্রণালয়, ঢাকা ব্যাংক পিএলসি এবং সাজেদা ফাউন্ডেশন। ‘নতুন হাসির অঙ্গীকারে’ শীর্ষক এই উদ্যোগের আওতায় ঠোঁটকাটা ও তালুকাটা সমস্যায় আক্রান্ত ৬৯ শিশুর বিনামূল্যে অস্ত্রোপচার সম্পন্ন করা হয়।

অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী বলেন, জন্মগত এই সমস্যায় আক্রান্ত শিশুদের কষ্ট ও তাদের পরিবারের অসহায়ত্ব অত্যন্ত বেদনাদায়ক। তবে দক্ষ চিকিৎসক, অ্যানেসথেসিওলজিস্ট, নার্স এবং স্বাস্থ্যকর্মীদের সমন্বিত প্রচেষ্টায় এসব শিশুর স্বাভাবিক জীবনে ফিরে আসার সুযোগ তৈরি হচ্ছে।

তিনি বলেন, বিদেশি বিশেষজ্ঞদের পাশাপাশি দেশের চিকিৎসকদের সমন্বয়ে পরিচালিত এই উদ্যোগ ইতোমধ্যে সফলতা পেয়েছে। ভবিষ্যতে স্মাইল এশিয়া আবার বাংলাদেশে এ ধরনের মেডিকেল মিশন পরিচালনা করলে সরকার এটিকে জাতীয় কর্মসূচিতে পরিণত করার উদ্যোগ নেবে। এর মাধ্যমে আরও বেশি শিশুকে চিকিৎসাসেবার আওতায় আনা সম্ভব হবে।

সরদার মো. সাখাওয়াত হোসেন বলেন, বাংলাদেশের চিকিৎসকরা সীমিত সম্পদ নিয়েও গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন। বিশেষ করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে দেশীয় বিশেষজ্ঞদের উদ্ভাবিত চিকিৎসা পদ্ধতির কারণে দেশের বিভিন্ন জেলা থেকে আসা দগ্ধ রোগীরা দ্রুত চিকিৎসাসেবা পাচ্ছেন।

তার ভাষ্য, আধুনিক সমন্বিত ব্যবস্থাপনার ফলে দুর্ঘটনার পর চার থেকে ছয় ঘণ্টার মধ্যেই পোড়া রোগীদের প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করা সম্ভব হচ্ছে। এটি দেশের স্বাস্থ্যখাতের সক্ষমতার একটি গুরুত্বপূর্ণ উদাহরণ।

অনুষ্ঠানে সাম্প্রতিক বন্যা পরিস্থিতির কথাও তুলে ধরেন স্বাস্থ্যমন্ত্রী। তিনি বলেন, অতিবৃষ্টিতে দেশের ১১টি জেলা ক্ষতিগ্রস্ত হওয়ার পর চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা ছুটি না নিয়ে দিন-রাত কাজ করেছেন। বন্যার পর ডায়রিয়া, কলেরা, চর্মরোগ এবং সাপের কামড়ে আক্রান্ত মানুষের চিকিৎসা নিশ্চিত করতে স্বাস্থ্য বিভাগ ব্যাপক উদ্যোগ নেয়।

তিনি জানান, দুর্গত এলাকায় পর্যাপ্ত অ্যান্টিভেনম, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট এবং চর্মরোগের প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করা হয়েছে, যাতে স্বাস্থ্যঝুঁকি নিয়ন্ত্রণে রাখা সম্ভব হয়।

অনুষ্ঠানে ঢাকা ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা ওসমান এরশাদ ফয়েজ, সাজেদা ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা জাহেদা ফিজ্জা কবির, স্মাইল এশিয়ার মহাসচিব অভিমন্যু তালুকদার এবং সরকারি কর্মচারী হাসপাতালের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মো. আ. রাজ্জাক সরকারসহ দেশি-বিদেশি চিকিৎসক, সার্জন, অ্যানেসথেসিওলজিস্ট, থেরাপিস্ট ও স্বাস্থ্যকর্মীরা উপস্থিত ছিলেন।

ভিওডি বাংলা/জা

 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
ডেঙ্গুতে আরও তিনজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩৭২
ফাইল ছবি
হামের তাণ্ডব অব্যাহত, ২৪ ঘণ্টায় আরও ৫ শিশুর মৃত্যু
ছবি: সংগৃহীত
বাংলাদেশ সোসাইটি অব ইকোকার্ডিওগ্রাফির আহ্বায়ক কমিটি ঘোষণা