• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

কোনো ধরনের উগ্রবাদকে প্রশ্রয় দেবে না সরকার: প্রধানমন্ত্রী

সংসদ প্রতিবেদক    ১৫ জুলাই ২০২৬, ০৯:১১ পি.এম.
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

চরমপন্থা ও উগ্রবাদের বিরুদ্ধে সরকারের কঠোর অবস্থান পুনর্ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি জানিয়েছেন, আইনশৃঙ্খলা বাহিনীকে আরও দক্ষ ও পেশাদার করে গড়ে তুলতে ১০ হাজার নতুন পুলিশ কনস্টেবল নিয়োগের পরিকল্পনা নেওয়া হয়েছে। একই সঙ্গে উগ্রবাদ মোকাবিলায় বিরোধী দলের সহযোগিতার প্রত্যাশাও ব্যক্ত করেন তিনি।

বুধবার (১৫ জুলাই) জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন ও প্রথম বাজেট অধিবেশনের সমাপনী বক্তব্যে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।

তিনি বলেন, ‘আগেই আমরা উল্লেখ করেছি, আমরা আইনশৃঙ্খলা বাহিনীকে পেশাদার হিসেবে গড়ে তুলতে চাই এবং সেটিরই অংশ হিসেবে বর্তমান সরকার ১০ হাজার নতুন পুলিশ কনস্টেবল নিয়োগ দেওয়ার পরিকল্পনাও হাতে নিয়েছে। আগেও বলেছি, আবারও আমি উল্লেখ করতে চাই, বর্তমান সরকার কোনোভাবেই চরমপন্থা বা উগ্রবাদকে প্রশ্রয় দেবে না।’

উগ্রবাদ দমনে রাজনৈতিক ঐক্যের প্রয়োজনীয়তার কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা যেভাবে সরকারি দল এবং বিরোধী দল বিভিন্ন বিষয়ে এই সংসদে কোনও কোনও বিষয়ে দ্বিমত করেছি, কিন্তু একই সঙ্গে অনেক বিষয়ে একমত পোষণ করেছি। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, উগ্রবাদ এবং চরমপন্থাকে বর্তমান সরকার প্রশ্রয় দেবে না, এ ব্যাপারে আমরা সম্পূর্ণভাবে বিরোধী দলের সহযোগিতা পাব, ইনশাল্লাহ।’

সমাপনী বক্তব্যে তিনি বলেন, শহীদদের স্বপ্নের বাংলাদেশ গড়ে তুলতে ন্যায়বিচার ও গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠার কোনো বিকল্প নেই।

প্রধানমন্ত্রী বলেন, ‘আমি বিশ্বাস করি, শহীদরা এমন একটি বাংলাদেশ চেয়েছিলেন, যে বাংলাদেশে ন্যায়পরায়ণতা এবং ন্যায়বিচারই হবে শেষ কথা। যে বাংলাদেশে ধনী কিংবা গরিব কেউই বৈষম্যের শিকার হবেন না। আমরা প্রত্যেকে দৃঢ়ভাবে বিশ্বাস করি, সেই বাংলাদেশে চরমপন্থা কিংবা উগ্রবাদের কোনোরকম ঠাঁই হবে না। যে বাংলাদেশে মুক্তিযুদ্ধের চেতনার নামে কেউ মানুষের গণতান্ত্রিক অধিকার হরণ করবে না।’

তিনি আরও বলেন, শহীদদের রক্তের ঋণ শোধ করতে হলে এসব বিষয় যথাযথভাবে সমাধান করাকে রাষ্ট্র ও সরকারের অন্যতম দায়িত্ব হিসেবে বিবেচনা করতে হবে।

ভিওডি বাংলা/এমএস 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ফাইল ছবি
অতিরিক্ত পুলিশ সুপারসহ ৫ কর্মকর্তাকে বদলি
জাতীয় সংসদ ভবন। ছবি: সংগৃহীত
ত্রয়োদশ সংসদের বাজেট অধিবেশন সমাপ্ত
ছবি: সংগৃহীত
কাতারের সাবেক আমিরের মৃত্যুতে বাংলাদেশের শোকবার্তা হস্তান্তর