• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

পুরনো ঘুণে ধরা বাংলাদেশ আর দেখতে চাই না: স্থানীয় সরকারমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক    ২৩ মে ২০২৬, ১০:০৪ পি.এম.
ছবি : ভিওডি বাংলা

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশের মানুষ সবকিছু বোঝে। আমরা ভুল করলে তারা কাউকে ক্ষমা করবে না। আমাদের যে ছেলেরা রক্ত দিয়েছে, যারা প্রাণ দিয়েছে, বাংলাদেশকে আবার একটা নতুন সুযোগ সৃষ্টি করে দিয়েছে, তাদের রক্তের সেই ধারাকে যেন আমরা কখনোই ম্লান হতে না দেই। আমাদের কারণে কখনো যেন তা ক্ষতিগ্রস্ত না হয়। আমরা সেই পুরনো ঘুণে ধরা বাংলাদেশ আর দেখতে চাই না।

শনিবার রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ (আইইবি) মিলনায়তন-এর ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী (ইঞ্জিনিয়ার্স ডে) উপলক্ষে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

স্থানীয় সরকারমন্ত্রী বলেন, প্রকৌশলীদের কাছে জনগণের প্রত্যাশা অনেক বেশি। দেশের উন্নয়ন ও নতুন বাংলাদেশ বিনির্মাণে প্রকৌশলীদের আরও সক্রিয়, দায়িত্বশীল ও কার্যকর ভূমিকা রাখতে হবে। আপনাদের প্রতি জনগণের আশা-আকাঙ্ক্ষা অনেক। তারা প্রত্যাশা করে, আপনারা যে প্লানিংগুলো করবেন যে কাজগুলো করবেন তা যেন জনশক্তির কাজের লাগে। নিঃসন্দেহে আপনারা বাংলাদেশের অগ্রগতিকে অনেক দূরে এগিয়ে নিয়ে যাবেন।

বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে পিরোজপুর জেলায় সাড়ে ৩ হাজার কোটি টাকা লোপাট হয়ে গেছে বলে উল্লেখ করে তিনি বলেন, সেটা এলজিইডি ডিপার্টমেন্ট থেকেই হয়েছে। আপনারা এই বিষয়গুলো অত্যন্ত সতর্কতার সঙ্গে দেখবেন।

এলজিআরডিমন্ত্রী বলেন, আজকে নতুন যে সূর্যোদয় হয়েছে, আসুন আমরা সবাই সেই সূর্যোদয়ের আলোয় আলোকিত হই। বাংলাদেশের জন্য একটা নতুন দিগন্ত সৃষ্টি করি। যাতে আমরা খুব দ্রুত সামনের দিকে এগিয়ে যেতে পারি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইইবি প্রেসিডেন্ট ও রাজউক চেয়ারম্যান প্রকৌশলী মোহাম্মদ রিয়াজুল ইসলাম রিজু। তিনি বলেন, প্রকৌশলীদের পেশাগত দক্ষতা ও মানোন্নয়নের মাধ্যমে আইইবি দেশের সামগ্রিক উন্নয়ন ও রাষ্ট্র গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। এই প্রতিষ্ঠান দল-মত নির্বিশেষে সকল প্রকৌশলীকে একত্রিত করে দেশের উন্নয়ন, প্রযুক্তিগত অগ্রগতি এবং জাতি গঠনের লক্ষ্যে কাজ করে যাচ্ছে। জাতীয় স্বার্থে ঐক্যবদ্ধ প্রকৌশলী সমাজ গড়ে তোলার মাধ্যমে আইইবি দেশের অগ্রযাত্রায় ধারাবাহিক অবদান রেখে চলেছে।

এ সময় উপস্থিত ছিলেন সংসদ সদস্য প্রকৌশলী মো. আশরাফ উদ্দিন (বকুল), সংসদ সদস্য প্রকৌশলী মঈনুল ইসলাম খান ও সংরক্ষিত আসনের সংসদ সদস্য প্রকৌশলী সানজিদা ইসলাম (তুলি), প্রকৌশলী মাহবুবা হাকিম ক্যামেলিয়া, প্রকৌশলী মারদিয়া মমতাজ এবং স্বাধীনতা পুরস্কারপ্রাপ্ত প্রকৌশলী ড. মোহাম্মদ আব্দুল বাকী।

আইইবি ঢাকা কেন্দ্রের সম্পাদক প্রকৌশলী কে. এম. আসাদুজ্জামানের সঞ্চালনায় স্বাগত বক্তব্য প্রদান করেন আইইবি সাধারণ সম্পাদক অধ্যাপক ড. প্রকৌশলী মো. সাব্বির মোস্তফা খান।

ভিওডি বাংলা/সবুজ/এফএ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ঈদযাত্রায় নৌ-দুর্ঘটনা রোধে মন্ত্রণালয়ের জরুরি নির্দেশনা
ঈদযাত্রায় নৌ-দুর্ঘটনা রোধে মন্ত্রণালয়ের জরুরি নির্দেশনা
ধর্ষণ-নির্যাতনে ‘জিরো টলারেন্স’ চায় ১৫৬ সংগঠন
ধর্ষণ-নির্যাতনে ‘জিরো টলারেন্স’ চায় ১৫৬ সংগঠন
জাতীয় কবির জন্মবার্ষিকী উদযাপন অনুষ্ঠান উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
জাতীয় কবির জন্মবার্ষিকী উদযাপন অনুষ্ঠান উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী