• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

ইনকিলাব কালচারাল সেন্টার থেকে জাবের ও জুমার পদত্যাগ

নিজস্ব প্রতিবেদক    ৮ জুলাই ২০২৬, ১১:২৮ পি.এম.
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ইনকিলাব কালচারাল সেন্টারের ট্রাস্ট গঠন ও ওয়ারিশ-সংক্রান্ত জটিলতার প্রেক্ষাপটে সেন্টারের প্রতিষ্ঠাকালীন নির্বাহী পরিচালক ও বর্তমান চেয়ারম্যান আব্দুল্লাহ আল জাবের এবং ভাইস প্রেসিডেন্ট ফাতিমা তাসনিম জুমা পদত্যাগ করেছেন।

বুধবার (৮ জুলাই) রাতে তারা নিজ নিজ ভেরিফায়েড ফেসবুক পেজে পৃথক পোস্টের মাধ্যমে পদত্যাগের ঘোষণা দেন।

পদত্যাগের ঘোষণায় আব্দুল্লাহ আল জাবের বলেন, শহীদ ওসমান হাদি শাহাদাতের আগে ইনকিলাব কালচারাল সেন্টারের ট্রাস্ট গঠনের উদ্যোগ নিলেও তা সম্পন্ন করে যেতে পারেননি। 

সেন্টারটি প্রতিষ্ঠার শুরু থেকেই ‘জনতার আমানত’ হিসেবে পরিচালনার পরিকল্পনা ছিল উল্লেখ করে তিনি জানান, গত ছয় মাস ধরে শাহাদাত-পরবর্তী ওয়ারিশ-সংক্রান্ত জটিলতা সমাধানের চেষ্টা করা হলেও পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে।

তিনি বলেন, শহীদ ওসমান হাদির প্রতি সম্মান এবং তার ওয়ারিশদের দাবির পরিপ্রেক্ষিতে প্রয়োজনীয় দলিল-দস্তাবেজের ভিত্তিতে ইনকিলাব কালচারাল সেন্টার দাবিদারদের কাছে হস্তান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

জাবের আরও জানান, তার দায়িত্বকালীন সময়ের আর্থিক হিসাব দ্রুততম সময়ের মধ্যে প্রকাশ করা হবে। তবে শহীদ ওসমান হাদির শাহাদাতের পর ঢাকা-৮, সেন্টারসহ সংশ্লিষ্ট কয়েকটি অ্যাকাউন্ট ফ্রিজ থাকায় ওই অংশের হিসাব আলাদাভাবে উপস্থাপন করা হবে। 

পোস্টের শেষে তিনি বলেন, ইনসাফের লড়াই ও সাংস্কৃতিক বিপ্লবের যে স্বপ্ন শহীদ ওসমান হাদি রেখে গেছেন, তা এগিয়ে নিতে তিনি সবার দোয়া কামনা করছেন।

অন্যদিকে, ভাইস প্রেসিডেন্ট ফাতিমা তাসনিম জুমা তার পোস্টে জানান, জুলাই-পরবর্তী সময়ে বিভিন্ন রাজনৈতিক প্রস্তাব প্রত্যাখ্যান করে তিনি বাংলাদেশপন্থি সংস্কৃতির স্বার্থে ইনকিলাব কালচারাল সেন্টারের সঙ্গে যুক্ত হয়েছিলেন।

তিনি দাবি করেন, সেন্টারটি ধীরে ধীরে রাজনৈতিক রূপ নিতে শুরু করলে বিষয়টি নিয়ে তিনি শহীদ ওসমান হাদির সঙ্গে আলোচনা করেছিলেন এবং সাংস্কৃতিক কর্মকাণ্ডে গুরুত্ব ধরে রাখার পক্ষে মত দিয়েছিলেন। পরবর্তীতে সবাই মিলে দিন-রাত পরিশ্রম করে সেন্টারটি গড়ে তোলেন।

জুমা জানান, শহীদ ওসমান হাদির শাহাদাতের পর ওয়ারিশ-সংক্রান্ত নানা জটিলতা সামনে আসে। ট্রাস্ট গঠনের উদ্যোগ নেওয়া হলেও তা সম্পন্ন হয়নি। জনগণের বিশ্বাসের জায়গা থেকে তারা সেন্টারটিকে জনতার আমানত হিসেবে রক্ষা করার চেষ্টা করেছেন।

তিনি আরও জানান, সাম্প্রতিক সময়ে ওয়ারিশ-সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে বিভিন্ন অপপ্রচার ও মানহানিকর মন্তব্য ছড়িয়ে পড়েছে। এসব পরিস্থিতির মধ্যে দায়িত্ব পালন করা তার পক্ষে সম্ভব হচ্ছে না বলেই তিনি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন।

জুমা জানান, শহীদ ওসমান হাদির ওয়ারিশদের দাবির পরিপ্রেক্ষিতে এবং প্রয়োজনীয় দলিল-দস্তাবেজের ভিত্তিতে ইনকিলাব কালচারাল সেন্টার তাদের কাছে হস্তান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একইসঙ্গে তার দায়িত্বকালীন সময়ের আর্থিক হিসাবও দ্রুত প্রকাশ করা হবে। 

তিনি আরও জানান, ইনকিলাবের প্রতি মানুষের যে বিশ্বাস ও ভালোবাসা রয়েছে, তা রক্ষার চেষ্টা অব্যাহত থাকবে এবং তাদের সংগ্রাম অন্য কোনো মাধ্যমে অব্যাহত থাকবে।

ভিওডি বাংলা/বিন্দু


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: ভিওডি বাংলা
পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের কর্মসূচী নিয়েছে সরকার
ছবি: সংগৃহীত
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আন্ডার-সেক্রেটারি-জেনারেল রোজমেরি এ. ডি-কার্লোর বৈঠক
এনবিআরের সাবেক চেয়ারম্যান আবদুর রহমান খান। ছবি: সংগৃহীত
বিশ্বব্যাংকের নির্বাহী পরিচালক হচ্ছেন আবদুর রহমান খান