র্যাব সদস্যকে হত্যার পর এবার ডিবি পুলিশকে কুপিয়ে জখম

বরিশালের উজিরপুরে মাদক উদ্ধারে গিয়ে হামলার শিকার হয়েছেন জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) সদস্যরা। এ সময় ডিবির এক সদস্যকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করেছে মাদক কারবারিরা। এ ঘটনায় চারজনকে আটক করেছে পুলিশ।
শুক্রবার (২২ মে) দুপুর দেড়টার দিকে উজিরপুর পৌরসভার খেয়াঘাট এলাকায় এ হামলার ঘটনা ঘটে। জেলার পুলিশ সুপার এ.জেড.এম. মোস্তাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
আহত পুলিশ সদস্যের নাম মৃনাল। এছাড়া আটকরা হলেন, মাদক কারবারি শামীম মোল্লা (২৬), বৃদ্ধ মুনসুর মোল্লা (৭০), আলাউদ্দিন (২৪) ও আরিফ মোল্লা (২৩)।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, শুক্রবার দুপুর দেড়টার দিকে জেলা ডিবির সাত সদস্যের একটি দল উজিরপুর পৌরসভার খেয়াঘাট এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানকালে মাদক উদ্ধারে বাধা দেন অভিযুক্তরা।
পুলিশ জানিয়েছে, অভিযানের সময় ডিবি সদস্যদের সঙ্গে মাদক কারবারিদের বাকবিতণ্ডা ও ধস্তাধস্তি হয়। এ সময় আরিফ মোল্লা তার কাছে থাকা মাদকের একটি পোটলা পাশের পুকুরে ছুড়ে ফেলে। পরে ডিবির কনস্টেবল মৃনাল পুকুর থেকে ওই মাদকদ্রব্য উদ্ধারের চেষ্টা করলে তাকে ধারালো অস্ত্র দিয়ে মাথায় আঘাত করা হয়। এতে তিনি গুরুতর জখম হন।
খবর পেয়ে উজিরপুর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং অভিযুক্ত চারজনকে গ্রেপ্তার করে। আহত কনস্টেবল মৃনালকে তাৎক্ষণিকভাবে উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
বরিশাল জেলার পুলিশ সুপার এ.জেড.এম. মোস্তাফিজুর রহমান বলেন, ‘অভিযানের সময় মাদক কারবারিরা মাদক নিয়ে পুকুরে ঝাঁপ দেয়। তখন আমাদের ডিবি পুলিশের সদস্যরা তাদের ঝাপটে ধরে। এ সময় ধস্তাধস্তির একপর্যায়ে আমাদের পুলিশ সদস্যকে কুপিয়ে জখম করা হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত চারজনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে অভিযান দল।’
তিনি বলেন, আটকের ঘটনায় উজিরপুর মডেল থানায় পৃথক দুটি মামলা হবে। একটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে এবং অপরটি পুলিশের ওপর হামলা ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে। এ ঘটনায় জড়িত বাকিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলেও জানান পুলিশ সুপার।
ভিওডি বাংলা/এমএস






