কাহালুতে আগুনে পুড়ে মা-মেয়ের মৃত্যু

বগুড়ার কাহালু উপজেলায় আগুনে পুড়ে মা-মেয়ের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন সোনিয়া খাতুন এবং তার মেয়ে মেহা মনি।
শুক্রবার (২২ মে) সকাল ৭টার দিকে উপজেলার শিকড় নারহট্ট গ্রামে এ ঘটনা ঘটে।
জানা যায়, মানসিক ভারসাম্যহীন সোনিয়া খাতুন ওই এলাকার নিজাম উদ্দীনের স্ত্রী। তাদের মেয়ে মেহা মনি (১০) শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে মারা যায়।
কাহালু থানার ওসি শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, বাবার বাড়িতে মেয়েকে নিয়ে বসবাস করতেন সোনিয়া। সকালে পরিবারের সদস্যরা বাড়ির উঠানে রান্না করছিলেন। এ সময় তারা সোনিয়ার ঘরে আগুন দেখতে পান। খবর পেয়ে স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন। পরে ঘরের ভেতর থেকে সোনিয়ার মরদেহ উদ্ধার করা হয়। দগ্ধ অবস্থায় তার মেয়েকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।
শফিকুল ইসলাম আরও বলেন, প্রাথমিকভাবে ঘটনাস্থলে কেরোসিনের গন্ধ পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, তিনি আত্মহত্যার উদ্দেশে আগুন লাগিয়ে থাকতে পারেন। তবে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
ভিওডি বাংলা/আ






