• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

উর্দুভাষীদের ঝুলন্ত সমস্যা নিয়ে প্রধানমন্ত্রীর কাছে যাবেন আমিনুল হক

নিজস্ব প্রতিবেদক    ২১ মে ২০২৬, ১০:২৬ পি.এম.
ছবি: সংগৃহীত

উচ্চ আদালতের রায়ের মাধ্যমে উর্দুভাষী বাংলাদেশিদের নাগরিকত্ব ও ভোটাধিকার অর্জনের ১৮তম বর্ষপূর্তি উপলক্ষে ‘উর্দু স্পিকিং পিপলস ইউথ রিহ্যাবিলিটেশন মুভমেন্ট’ (ইউএসপিওয়াইআরএম) কেন্দ্রীয় কমিটির উদ্যোগে এক বিশেষ সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২১ মে) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) সেমিনারে উর্দুভাষীদের স্থায়ী পুনর্বাসন এবং মিরপুর-পল্লবী এলাকার মাদক সিন্ডিকেট নিয়ে তীব্র উদ্বেগ প্রকাশ করেন বক্তারা।

ইউএসপিওয়াইআরএম-এর সভাপতি সাদাকাত খান ফাক্কুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহিদ আলি বাবলুর সঞ্চালনায় ​সেমিনারে উর্দুভাষীদের অধিকার আদায়ে ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়ার অবদান স্মরণ করে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বলেন, এই আইনি লড়াইয়ে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পূর্ণ সম্মতি ছিল এবং বিএনপি শুরু থেকেই এই জনগোষ্ঠীর সমস্যা সমাধানে আন্তরিক।

তিনি আরও বলেন, পুনর্বাসনসহ সকল ঝুলন্ত সমস্যা সমাধানের স্মারকলিপি তৈরি করলে তা নিয়ে তিনি নিজে নেতাদের নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে যাবেন এবং সকল ন্যায্য দাবি আদায় করে আনবেন।

পল্লবীতে মাদক কারবারিদের জামায়াত শেল্টার দিচ্ছে উল্লেখ করে সবাইকে সতর্ক থাকার পরামর্শ দেন তিনি।

সেমিনারে ইউএসপিওয়াইআরএম-এর সভাপতি সাদাকাত খান ফাক্কু বলেন, ভোটার আইডি কার্ড পেলেও ঘিঞ্জি ক্যাম্পের অমানবিক জীবন থেকে মুক্তি পেতে মর্যাদাপূর্ণ স্থায়ী পুনর্বাসনই এখন প্রধান ও চূড়ান্ত দাবি।

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক উর্দুভাষীদের মূলস্রোতে আনতে স্থায়ী আবাসনের ওপর জোর দেন।

গণফোরামের সভাপতি সুব্রত চৌধুরী বলেন, রাষ্ট্র অতীতে দায়িত্ব পালনে ব্যর্থ হওয়ায় এই জনগোষ্ঠী পিছিয়ে পড়েছে। তবে অতীতে কিছু নেতৃত্বের পাকিস্তান যাওয়ার দাবি তোলাও ভুল সিদ্ধান্ত ছিল।

ব্রামা সভাপতি আনোয়ারুল ইসলাম উর্দুভাষী যুবকদের এসি ও ফ্রিজ টেকনিশিয়ান হিসেবে প্রশিক্ষণে সহযোগিতার ইচ্ছা প্রকাশ করেন এবং প্রতিমন্ত্রীর মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে সমস্যাগুলো তুলে ধরার তাগিদ দেন।

​অন্যদিকে উর্দুভাষী যুব-ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় আহ্বায়ক ইমরান খান অভিযোগ করেন, আওয়ামী লীগ নেতা নানক জেনেভা ক্যাম্পকে মাদকের আখড়া বানিয়েছিলেন। এখন জামায়াত এমপি আব্দুল বাতেন ৭০টির বেশি মাদক মামলার আসামিদের নিয়ে কর্মসূচি পালন করে মিরপুরকে মাদকের আখড়া বানাচ্ছেন।

কমপক্ষে একজন উর্দুভাষীকে সরকারি চাকরি দিয়ে নজির স্থাপন করতে প্রতিমন্ত্রী আমিনুল হকের প্রতি অনুরোধ জানান উর্দুভাষী যুব-ছাত্র আন্দোলনের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আসিফ ইকবাল। জবাবে উর্দুভাষীদের মধ্যে যোগ্য ও শিক্ষিত যুবকদের চাকরি দেয়ার আশ্বাস দেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী।

ভিওডি বাংলা/সবুজ/এফএ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রামিসার হত্যাকারীর ফাঁসির দাবিতে কালশী রোড অবরোধ
রামিসার হত্যাকারীর ফাঁসির দাবিতে কালশী রোড অবরোধ
রিকশা খাত রক্ষায় ডিএসসিসি প্রশাসককে স্মারকলিপি
রিকশা খাত রক্ষায় ডিএসসিসি প্রশাসককে স্মারকলিপি
শিহাবকে কেন মাদ্রাসায় রাখা হলো, তদন্ত করবে ডিএমপি
শিহাবকে কেন মাদ্রাসায় রাখা হলো, তদন্ত করবে ডিএমপি