• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

রাজারহাটে ভূমি সেবা মেলার সমাপনী, শ্রেষ্ঠ করদাতাদের সম্মাননা

রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি    ২১ মে ২০২৬, ০৯:০৫ পি.এম.
মেলার সমাপনী অনুষ্ঠানে শ্রেষ্ঠ ভূমি করদাতাদের হাতে সম্মাননা সনদ ও ক্রেস্ট তুলে দেন সামিউর রহমান। ছবি-ভিওডি বাংলা

কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় তিন দিনব্যাপী ভূমি সেবা মেলার সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ভূমি সেবা সহজীকরণ, ডিজিটাল ব্যবস্থাপনা এবং নিয়মিত ভূমি কর পরিশোধে জনসচেতনতা বাড়ানোর লক্ষ্য নিয়ে আয়োজিত এ অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

বৃহস্পতিবার (২১ মে) বিকেলে উপজেলা ভূমি অফিসের সভাকক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা ভূমি অফিসের যৌথ উদ্যোগে সমাপনী আয়োজন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সামিউর রহমান। অনুষ্ঠান সঞ্চালনা করেন কানুনগো মো. আমিনুল ইসলাম।

অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সামিউর রহমান বলেন, বর্তমানে ডিজিটাল পদ্ধতির মাধ্যমে ভূমি সংক্রান্ত সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া হচ্ছে। ভূমি উন্নয়ন কর নিয়মিত পরিশোধের মাধ্যমে একজন নাগরিক যেমন দায়িত্বশীলতার পরিচয় দেন, তেমনি রাষ্ট্রীয় উন্নয়ন কার্যক্রমেও ভূমিকা রাখেন। তিনি আরও বলেন, ভবিষ্যতে সৎ ও নিয়মিত করদাতাদের জেলা, বিভাগীয় এমনকি জাতীয় পর্যায়েও সম্মাননা দেওয়ার উদ্যোগ নেওয়া হতে পারে।

তিনি সেবাগ্রহীতাদের ভূমি সংক্রান্ত তথ্য ও নিয়ম সম্পর্কে সচেতন হওয়ার আহ্বান জানান। একই সঙ্গে সরকারি সেবা গ্রহণে দালালচক্র থেকে দূরে থাকার পরামর্শ দেন।

সমাপনী অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন ইউনিয়নের শ্রেষ্ঠ ভূমি করদাতাদের সম্মাননা সনদ ও ক্রেস্ট প্রদান করা হয়। এবারের শ্রেষ্ঠ ভূমি করদাতা নির্বাচিত হন আবু জাফর মো. সামসুদ্দিন।

এছাড়া ইউনিয়নভিত্তিক শ্রেষ্ঠ করদাতা হিসেবে সম্মাননা পান চাকিরপশার ইউনিয়নের আশরেফা হোসেন চৌধুরী, রাজারহাট ইউনিয়নের দীনবন্ধু রায় বণিক, ছিনাই ইউনিয়নের মোখলেছুর রহমান পাটোয়ারী, ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের মো. শফিকুল ইসলাম, বিদ্যানন্দ ইউনিয়নের মো. খোরশেদ আলম, নাজিমখান ইউনিয়নের মো. জামাল উদ্দিন এবং উমর মজিদ ইউনিয়নের আবু জাফর মো. সামসুদ্দিন। পরে অতিথিরা তাদের হাতে সম্মাননা ক্রেস্ট ও সনদ তুলে দেন।

অন্যদিকে, ভূমি সেবা মেলা উপলক্ষে আয়োজিত কুইজ প্রতিযোগিতায় অংশ নিয়ে শিক্ষার্থীরাও কৃতিত্ব দেখায়। মাধ্যমিক পর্যায়ে প্রথম স্থান অর্জন করে রাজারহাট বিএল উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী মো. ইউসুফ আলী। দ্বিতীয় স্থান লাভ করে মোছা. ফারজানা খাতুন এবং তৃতীয় স্থান অধিকার করে মোছা. সাবরিন নাহার আন্না। বিজয়ীদের হাতে ক্রেস্ট ও সনদ তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রেসক্লাব রাজারহাটের সাধারণ সম্পাদক প্রহলাদ মন্ডল সৈকত, স্থানীয় গণমাধ্যমকর্মী, শিক্ষক, শিক্ষার্থী, জনপ্রতিনিধি ও সুধীজন উপস্থিত ছিলেন। আয়োজকরা জানান, ভূমি সংক্রান্ত সেবাকে আরও স্বচ্ছ, দ্রুত ও জনবান্ধব করতে ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

ভিওডি বাংলা/প্রহলাদ মন্ডল সৈকত/জা 


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
গাছের সঙ্গে বাঁধা মরদেহ, পায়ের কাছে পড়ে ছিল মাথা
গাছের সঙ্গে বাঁধা মরদেহ, পায়ের কাছে পড়ে ছিল মাথা
নাগরপুরে বীর মুক্তিযোদ্ধার ইন্তেকাল, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন
নাগরপুরে বীর মুক্তিযোদ্ধার ইন্তেকাল, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন
মাদারীপুর সড়ক পরিবহন মালিক সমিতির নতুন কমিটির অনুমোদন
মাদারীপুর সড়ক পরিবহন মালিক সমিতির নতুন কমিটির অনুমোদন