• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

৪৪ বছরের অপেক্ষা ঘুচিয়ে ইউরোপা লিগ জিতল অ্যাস্টন ভিলা

স্পোর্টস ডেস্ক    ২১ মে ২০২৬, ১০:৫২ এ.এম.
অ্যাস্টন ভিলার শিরোপা উদ্‌যাপন। ছবি: সংগৃহীত

প্রায় ভুলতে বসা শিরোপার স্বাদ আবারও পেল অ্যাস্টন ভিলা। গড়ল নতুন ইতিহাস। তিন দশকের বেশি সময় পর পুনরুদ্ধার করল চ্যাম্পিয়নের মর্যাদা। একই সঙ্গে ইউরোপীয় ফুটবলে ঘুচাল ৪৪ বছরের আক্ষেপ।

বুধবার রাতে ইউরোপা লিগের ফাইনালে জার্মান ক্লাব ফ্রাইবুর্গকে ৩-০ গোলে হারিয়েছে উনাই এমেরির দল। ইস্তাম্বুলের বেসিকতাস পার্কে অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকেই আধিপত্য দেখায় ইংলিশ ক্লাবটি।

অ্যাস্টন ভিলা সর্বশেষ শিরোপা জিতেছিল ১৯৯৫-৯৬ মৌসুমে, তখন তারা ইংলিশ লিগ কাপের ট্রফি ঘরে তোলে। আর ইউরোপীয় প্রতিযোগিতায় তাদের শেষ সাফল্য ছিল ১৯৮১-৮২ মৌসুমে, যখন ইউরোপিয়ান কাপ জিতেছিল ক্লাবটি।

এরপর দীর্ঘ সময় ধরে হতাশা আর অপেক্ষাই ছিল সঙ্গী। তবে সেই অপেক্ষার অবসান ঘটল এবার। কঠিন সময় পেরিয়ে অবশেষে আবারও শিরোপা উৎসবে মাতল ভিলা।

মৌসুমের শুরুটাও ছিল হতাশাজনক। টানা ছয় ম্যাচে জয়হীন ছিল দলটি, এই সময়ে তারা করতে পেরেছিল মাত্র দুটি গোল। তবে সময়ের সঙ্গে বদলে যায় দৃশ্যপট। মাত্র ছয় দিনের ব্যবধানে চ্যাম্পিয়নস লিগে খেলা নিশ্চিত করার পর এবার জিতে নিল ইউরোপা লিগের শিরোপাও।

ইউরোপীয় ক্লাব ফুটবলের দ্বিতীয় সর্বোচ্চ এই প্রতিযোগিতায় কোচ হিসেবে সবচেয়ে বেশি শিরোপা জয়ের রেকর্ড আগেই ছিল উনাই এমেরির দখলে। এবার পঞ্চমবার ট্রফি জিতে নিজের রেকর্ড আরও সমৃদ্ধ করলেন এই স্প্যানিয়ার্ড কোচ।

সেভিয়ার হয়ে টানা তিনবার ইউরোপা লিগ জয়ের পর ২০২০-২১ মৌসুমে ভিয়ারিয়ালের হয়েও শিরোপা জিতেছিলেন এমেরি। মাঝে আর্সেনালের দায়িত্বে থেকে একবার রানার্সআপ হন তিনি।

অন্যদিকে অ্যাস্টন ভিলার আর্জেন্টাইন গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজও ধরে রেখেছেন অনন্য এক রেকর্ড। ক্যারিয়ারে এখন পর্যন্ত খেলা সাতটি ফাইনালের সবকটিতেই জয় পেয়েছেন তিনি। এই তালিকায় রয়েছে বিশ্বকাপ, কোপা আমেরিকা ও ফিনালিসিমার মতো বড় আসরও।

ফাইনালে শুরু থেকেই দাপট দেখায় ভিলা। ৪১ মিনিটে ইউরি টিয়েলেমান্স দলকে এগিয়ে দেন। বিরতির ঠিক আগে ব্যবধান দ্বিগুণ করেন এমিলিয়ানো বুয়েন্দিয়া।

এরপর ৫৮ মিনিটে মর্গ্যান রজার্সের গোলে জয় নিশ্চিত হয় অ্যাস্টন ভিলার। শেষ বাঁশি বাজার অপেক্ষায় তখন উৎসবের প্রস্তুতি নিচ্ছিল ভিলা সমর্থকেরা।

ভিওডি বাংলা/আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছাত্রদল নেতা তারিকের পৃষ্ঠপোষকতায় ফুটসাল টুর্নামেন্ট
ছাত্রদল নেতা তারিকের পৃষ্ঠপোষকতায় ফুটসাল টুর্নামেন্ট
চাপে পাকিস্তান, নির্ভার বাংলাদেশ
সিলেট টেস্ট চাপে পাকিস্তান, নির্ভার বাংলাদেশ
ঝুঁকি নিয়েছেন আনচেলত্তি, আস্থা রাখবেন নেইমার!
ঝুঁকি নিয়েছেন আনচেলত্তি, আস্থা রাখবেন নেইমার!