নারী ফুটবলারদের গোপনে ভিডিও, কোচকে আজীবন নিষিদ্ধ

গোপনে নারী ফুটবলারদের ভিডিও ধারণের অভিযোগে চেক প্রজাতন্ত্র জাতীয় দলের কোচ পিটার ভ্লাখোভস্কিকে ফুটবল-সংশ্লিষ্ট সব ধরনের কার্যক্রম থেকে আজীবনের জন্য নিষিদ্ধ করেছে ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফা।
চেক গণমাধ্যমের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের মে মাসে তিনি এ ঘটনায় দোষী সাব্যস্ত হন। এর আগে এফসি স্লোভাচকো ক্লাবের নারী ফুটবলারদের ড্রেসিংরুমে গোপনে ভিডিও ধারণের দায়ে তাকে এক বছরের স্থগিত কারাদণ্ড এবং দেশীয় পর্যায়ে পাঁচ বছরের কোচিং নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল।
ভুক্তভোগী খেলোয়াড়দের মধ্যে সবচেয়ে কম বয়সী ছিলেন ১৭ বছর বয়সী এক ফুটবলার। চেক গণমাধ্যম জানিয়েছে, অভিযুক্ত কোচ অপরাধ স্বীকার করে অনুশোচনাও প্রকাশ করেছিলেন।
নতুন শাস্তির বিষয়ে এক বিবৃতিতে উয়েফার কন্ট্রোল, এথিকস অ্যান্ড ডিসিপ্লিনারি বডি (সিইডিবি) জানায়, সম্ভাব্য অসদাচরণের অভিযোগ তদন্তে একজন এথিকস ও ডিসিপ্লিনারি ইন্সপেক্টর নিয়োগের পর পিটার ভ্লাখোভস্কিকে আজীবনের জন্য ফুটবল-সংশ্লিষ্ট সব কার্যক্রম থেকে নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
একই সঙ্গে ফিফার কাছে এ নিষেধাজ্ঞা বিশ্বব্যাপী কার্যকর করার অনুরোধ জানিয়েছে উয়েফা। পাশাপাশি চেক প্রজাতন্ত্র ফুটবল অ্যাসোসিয়েশনকে তার কোচিং লাইসেন্স বাতিলের নির্দেশ দেওয়া হয়েছে।
চেক প্রজাতন্ত্র জাতীয় নারী দলের দায়িত্ব নেওয়ার আগে ভ্লাখোভস্কি দেশটির নারী অনূর্ধ্ব-১৯ দলের কোচ হিসেবেও কাজ করেছিলেন।
এদিকে এফসি স্লোভাচকো ক্লাবের এক মুখপাত্র রয়টার্সকে বলেন, ঘটনাটি অত্যন্ত গুরুতর ও উদ্বেগজনক। ২০২৩ সালে বিষয়টি প্রকাশ্যে আসার পর ক্লাব এবং বিশেষ করে ক্ষতিগ্রস্ত খেলোয়াড়দের ওপর বড় ধরনের প্রভাব পড়ে।
ভিওডি বাংলা/আ







