ঢাকা কলেজের হলসমূহের নাম পরিবর্তনের দাবি ছাত্র অধিকার পরিষদের

রাজধানীর ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান ঢাকা কলেজের হলসমূহের নাম পরিবর্তনের দাবি জানিয়ে বিবৃতি দিয়েছে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ, ঢাকা কলেজ শাখা।
মঙ্গলবার (১৯ মে) সংগঠনটির কলেজ শাখার সভাপতি নোমান আলম মুন এবং সাধারণ সম্পাদক মাসুদ রানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, ঢাকা কলেজ দেশের ঐতিহ্যবাহী ও প্রাচীন শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর অন্যতম। এই প্রতিষ্ঠানে বর্তমানে মোট ৮টি হল বা ছাত্রাবাস রয়েছে। এর মধ্যে কয়েকটি হলের নাম যথাক্রমে সাউথ হল, নর্থ হল, সাউদার্ন হল ও ওয়েস্ট হল। দুঃখজনক হলেও সত্য, এই নামগুলো কোনো ইতিহাস, ঐতিহ্য বা জাতীয় গৌরব বহন করে না। এমনকি দেশের সাধারণ মানুষও এই হলগুলোর নাম সম্পর্কে খুব বেশি পরিচিত নয়। ফলে প্রতিষ্ঠানটির হলসমুহ জাতীয় পর্যায়ে আলাদা গুরুত্ব ও পরিচিতি লাভ করতে ব্যর্থ হচ্ছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজে হলের নামকরণ করা হয় দেশের কৃতি সন্তান, ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ, ইতিহাস ও ঐতিহ্যের সঙ্গে সম্পৃক্ত মহান ব্যক্তিত্বদের নামে। এর ফলে শিক্ষার্থীরা গর্বের সঙ্গে নিজেদের হলের পরিচয় বহন করতে পারে এবং নতুন প্রজন্ম ইতিহাস ও দেশপ্রেম সম্পর্কে অনুপ্রাণিত হয়। কিন্তু ‘দক্ষিণ’, ‘উত্তর’, ‘পশ্চিম’ ইত্যাদি দিকনির্দেশনাভিত্তিক নাম একটি ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠানের হলের জন্য যথাযথ ও মর্যাদাপূর্ণ নাম হতে পারে না। এ ছাড়া এই নামগুলোর কারণে হলগুলো সাংগঠনিক ও রাজনৈতিকভাবেও তেমন কোনো স্বতন্ত্র গুরুত্ব বহন করতে পারছে না।
বিজ্ঞপ্তিতে দেশের জন্য অবদান রাখা বীর সন্তান, ভাষাসৈনিক, মুক্তিযোদ্ধা, শিক্ষাবিদ ও জাতীয় ব্যক্তিত্বদের নামে ঢাকা কলেজের হলসমূহের নামকরণ করার দাবি জানানো হয়।
ভিওডি বাংলা/বিন্দু







