• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

চট্টগ্রামে গ্রাফিতি ইস্যুতে এনসিপি-বিএনপি উত্তেজনা

চট্টগ্রাম প্রতিনিধি    ১৮ মে ২০২৬, ০২:১১ এ.এম.
ছবি: সংগৃহীত

চট্টগ্রামে জুলাই অভ্যুত্থানের স্মৃতিবিজড়িত গ্রাফিতি মোছাকে কেন্দ্র করে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও বিএনপির স্থানীয় নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়েছে। এ সময় দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি স্লোগান দেওয়া হলে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

রোববার (১৭ মে) রাত ১১টার দিকে নগরীর টাইগারপাস এলাকায় চট্টগ্রাম সিটি করপোরেশন কার্যালয়ের সামনের সড়কে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানান, ওয়াসা মোড় থেকে টাইগারপাস পর্যন্ত ফ্লাইওভারের বিভিন্ন পিলারে আঁকা জুলাই আন্দোলনের গ্রাফিতি মুছে ফেলা হয়। এর প্রতিবাদে চট্টগ্রাম মহানগর এনসিপি রাতে ‘জুলাই গ্রাফিতি আঁকা’ কর্মসূচি পালন করে। সন্ধ্যা ৭টা থেকে তারা বিভিন্ন স্থানে নতুন করে গ্রাফিতি আঁকতে শুরু করেন।

একপর্যায়ে সিটি করপোরেশনের সড়কে মেয়র ডা. শাহাদাত হোসেনকে দায়ী করে বিভিন্ন স্লোগানধর্মী লেখা দেয় এনসিপির নেতাকর্মীরা। পরে ছাত্রদল ও বিএনপির স্থানীয় নেতাকর্মীরা সেখানে এসে এর প্রতিবাদ জানান এবং লেখাগুলো মুছে ফেলেন। এ সময় দুই পক্ষের মধ্যে উত্তেজনা ও পাল্টাপাল্টি স্লোগানের ঘটনা ঘটে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুই পক্ষকে সরিয়ে দেয়। পরে উভয় পক্ষ এলাকা ত্যাগ করলে পরিস্থিতি স্বাভাবিক হয়।

চট্টগ্রাম মহানগর পুলিশের উপ-পুলিশ কমিশনার (উত্তর) আমিরুল ইসলাম বলেন, “বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।”

এর আগে চট্টগ্রাম সিটি করপোরেশনের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মেয়র ডা. শাহাদাত হোসেন নগরীর কোথাও জুলাই আন্দোলনের স্মৃতিবিজড়িত গ্রাফিতি মুছে ফেলার কোনো নির্দেশ দেননি।

বিজ্ঞপ্তিতে মেয়র বলেন, নগরীকে পরিচ্ছন্ন, সবুজ ও স্বাস্থ্যসম্মত শহর হিসেবে গড়ে তুলতে তিনি বরাবরই সৌন্দর্যবর্ধন ও সৃজনশীল কর্মকাণ্ডকে উৎসাহ দিয়েছেন। কোনো শিল্পকর্ম বা সচেতনতামূলক গ্রাফিতি অপসারণে সিটি করপোরেশনের পক্ষ থেকে কোনো নির্দেশনা দেওয়া হয়নি বলেও দাবি করা হয়।

এ বিষয়ে বিভ্রান্তি না ছড়ানোর জন্য নগরবাসীর প্রতি আহ্বান জানিয়েছে চট্টগ্রাম সিটি করপোরেশন।

ভিওডি বাংলা/আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রাজশাহীর বাজারে ‘বোম্বে’ লিচু, ৫৬ কোটি টাকা বাণিজ্যের সম্ভাবনা
রাজশাহীর বাজারে ‘বোম্বে’ লিচু, ৫৬ কোটি টাকা বাণিজ্যের সম্ভাবনা
৫০ বছর আগের কারিকুলাম আর নয়, আসছে নতুন শিক্ষাক্রম
প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ ৫০ বছর আগের কারিকুলাম আর নয়, আসছে নতুন শিক্ষাক্রম
সোনারগাঁয়ে গ্রাম পুলিশের ছেলের রহস্যজনক মৃত্যু
সোনারগাঁয়ে গ্রাম পুলিশের ছেলের রহস্যজনক মৃত্যু