বিতর্কিত পোস্ট, অনুরাগ কাশ্যপের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

বলিউড পরিচালক অনুরাগ কাশ্যপকে ঘিরে ফের শুরু হয়েছে তুমুল বিতর্ক। ব্রাহ্মণ সম্প্রদায়কে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া তার একটি পুরোনো পোস্টের জেরে এবার ভারতের গুজরাতের সুরাত আদালতে মামলা দায়ের করা হয়েছে। একইসঙ্গে তার বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানাও জারি করা হয়েছে বলে জানা গেছে।
মামলার বাদী আইনজীবী ও বিশ্ব হিন্দু পরিষদ নেতা কমলেশ রাভাল। তার অভিযোগ, অনুরাগ কাশ্যপের মন্তব্যটি শুধু ব্যক্তিগত মতপ্রকাশের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং তা পরিকল্পিতভাবে পুরো ব্রাহ্মণ সম্প্রদায়কে অপমান করেছে।
তিনি আরও দাবি করেন, এ ধরনের মন্তব্য সমাজে বিভাজন ও বিদ্বেষ ছড়িয়ে দিতে পারে। অভিযোগের পরিপ্রেক্ষিতে আদালত ভারতীয় ন্যায় সংহিতার ১৯৬, ৩৫২ এবং ৩৫৩(২) ধারায় মামলা রুজুর নির্দেশ দিয়েছে।
ঘটনার সূত্রপাত ২০২৫ সালে। ওই সময় ভারতীয় সমাজসংস্কারক জ্যোতিরাও ফুলের জীবনভিত্তিক চলচ্চিত্র ফুলে-এর ট্রেলার প্রকাশের পর তা নিয়ে বিতর্ক শুরু হয়। সিনেমাটির বিরুদ্ধে আপত্তি তোলে অল ইন্ডিয়া ব্রাহ্মণ সমাজ।
সেই বিতর্ক চলাকালেই সামাজিক যোগাযোগমাধ্যমে একটি মন্তব্য করেন অনুরাগ কাশ্যপ, যা নিয়ে মুহূর্তেই সমালোচনার ঝড় ওঠে।
২০২৫ সালের এপ্রিল মাসে দেওয়া ওই পোস্টে তিনি লিখেছিলেন, “ব্রাহ্মণদের উপর আমি প্রস্রাব করি। এতে কোনও সমস্যা আছে?” পোস্টটি দ্রুত ভাইরাল হয়ে যায় এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনার মুখে পড়েন এই নির্মাতা। একইসঙ্গে তার বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থার দাবিও ওঠে।
ভিওডি বাংলা/এমএস







