সাগর-রুনি হত্যা
মুখ খুলেছে আসামিরা

আদালত প্রতিবেদক
সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহরুন রুনির হত্যা মামলার আসামিরা মুখ খুলেছে এবং বেশ কিছু চাঞ্চল্যকর দিয়েছে বলে জানিয়েছেন নিহত পরিবারের পক্ষের আইনজীবী শিশির মনির। মঙ্গলবার সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে সাংবাদিকদের এ কথা জানান এ আইনজীবী।
শিশির মনির বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের যোগাযোগের বিষয়ে মুখ খুলেছেন জেলে থাকা আসামিরা। অতীতে তদন্ত প্রক্রিয়ায় আইনিভাবে চলতে বাধাগ্রস্ত করা হয়েছে। দ্রুতই হাইকোর্টে দাখিল হবে তদন্ত রিপোর্ট।
তিনি বলেন, বর্তমান সরকার আসার পর হাইকোর্টের একটি বেঞ্চ মামলাটি তদন্তের জন্য উচ্চ পর্যায়ের টাস্কফোর্স গঠন করেছে। আগামী ৪ এপ্রিলের মধ্যে তাদের তদন্ত প্রতিবেদন আদালতে দাখিলের কথা রয়েছে।
টাস্কফোর্সে যারা রয়েছেন, তারা মামলার বাদী, আইনজীবীসহ সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেছেন উল্লেখ করে তিনি বলেন, তদন্তে অনেক দূর এগিয়ে গেছেন। তদন্ত কমিটির সংশ্লিষ্টরা আমাদের জানিয়েছেন, আগের সরকারের উচ্চ পর্যায় থেকে তদন্তে বাধা দেওয়া হতো। এ কারণে তদন্ত আগায়নি।
এদিকে মেহেরুন রুনির ভাই নওশের রোমান অভিযোগ করে বলেন, সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যায় জড়িত শেখ হাসিনা সরকার। তবে আশার আলো দেখছেন সাগর-রুনির সন্তান মেঘ। তিনি গণমাধ্যমকে বলেন, এবার আশার আলো দেখছি, আশা করি ভালো কিছু হবে।
গত ১৩ বছরেও সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহরুন রুনির হত্যা মামলার তদন্ত প্রতিবেদন জমা হয়নি আদালতে। তবে আওয়ামী লীগ সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকারের অধীনে আবার সচল হয় এ মামলার প্রক্রিয়া। মূলত উচ্চ আদালতের নির্দেশে সাগর-রুনি হত্যা মামলার তদন্তে গেলো নভেম্বর থেকে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) প্রধানের নেতৃত্বে কাজ করছে টাস্কফোর্স।
২০১২ সালের ১১ ফেব্রুয়ারি ভোররাতে রাজধানীর পশ্চিম রাজাবাজারের বাসায় নৃশংসভাবে খুন হন এ সাংবাদিক দম্পতি। এ ঘটনায় মামলা দায়েরের পর ১৩ বছর পেরিয়ে গেলেও কোনো সুরাহা হয়নি।
ভিওডি বাংলা/ এমএইচ







