ডিসেম্বর ধরেই জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে ইসি

নিজস্ব প্রতিবেদক
ডিসেম্বরকে ধরে জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। এই মুহূর্তে জাতীয় নির্বাচনকেই প্রাধান্য দিচ্ছে ইসি তবে সরকার চাইলে এর আগে সীমিত আকারে স্থানীয় নির্বাচন করবে কমিশন।
মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে ইউএনডিপিসহ ১৮টি উন্নয়ন সহযোগী দেশের সঙ্গে বৈঠক শেষে একথা জানিয়েছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ।
তিনি বলেন, চলতি বছরের ডিসেম্বর মাস ধরে জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। নির্বাচন নিয়ে কোনো চ্যালেঞ্জও দেখছে না কমিশন।
কমিশনার সানাউল্লাহ বলেন, জাতীয় নির্বাচনের আগে কোনোভাবেই স্থানীয় সরকারের ভোট করা সম্ভব নয়। তবে সরকার চাইলে বাধ্য হয়েই জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকারের ভোট করবে কমিশন।
বেলা ১১টায় কমিশন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠকে বসেন ইউএনডিপির প্রতিনিধিসহ ১৮টি উন্নয়ন সহযোগী দেশের রাষ্ট্রদূতরা।এতে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের নেতৃত্বে অন্য কমিশনাররা উপস্থিত ছিলেন।
জানা যায়, ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচিতে প্রযুক্তিগত ও সক্ষমতা বৃদ্ধিতে সহায়তা করছে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি)৷
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কমিশনের প্রস্তুতির বিষয়ে জানতে বিদেশি দূতদের নিয়ে এ বৈঠকে আলোচনাও হয়।
যদিও বর্তমান কমিশন দায়িত্ব নেয়ার পর থেকেই জানিয়ে আসছে যে, নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার অভিপ্রায় অনুযায়ী কাজ করছে ইসি।
প্রধান উপদেষ্টার দেয়া সময়সীমা অনুযায়ী বাংলাদেশে একটি অবাধ নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন চায় বলে জানিয়েছেন ইউএনডিপির আবাসিক প্রতিনিধি স্টেফন লিলার।
এদিকে সোমবার সন্ধ্যায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেন বিএনপি মহাসচিব মির্জ ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে দলটির তিন সদস্যের প্রতিনিধি। বৈঠকে প্রধান উপদেষ্টা ছাড়াও আরও কয়েকজন উপদেষ্টা ছিলেন।
বৈঠক শেষে সাংবাদিকদের ফখরুল জানান, দ্রুততম সময়ে জাতীয় নির্বাচন আয়োজনের বিষয়ে অন্তর্বর্তী সরকার কাজ করছে। তিনি বলেন, প্রধান উপদেষ্টা ও তার সঙ্গে যারা ছিলেন তারাও বলেছেন অতিদ্রুত নির্বাচন ব্যবস্থা করতে কাজ করছেন তারা। তিনি (ড. ইউনূস) বলেছেনও ডিসেম্বরের মধ্যে নির্বাচন আয়োজনে কাজ করছেন তারা।
এছাড়া জাতীয় নির্বাচনের আগে কোনো স্থানীয় নির্বাচন বিএনপি মেনে নেবে না বলেও জানান মির্জা ফখরুল।
এদিকে বৈঠকের বিষয়ে সংবাদ সম্মেলন করে প্রধান উপদেষ্টার প্রেস উইং। প্রেস সচিব শফিকুল আলম বলেন, সব রাজনৈতিক দল একমত হলে আগামী ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন দিতে সরকারের আপত্তি নেই।
ইসি বলেন জাতীয় ও স্থানীয় নির্বাচন একসাথে করা সম্ভব নয়। নির্বাচনের সময়সীমা ইসির হাতে নয়। ঐক্যমত্যের ভিত্তিতে প্রধান উপদেষ্টার নির্দেশনা অনুযায়ী নির্বাচন হবে।দেশের ইতিহাসে সবচেয়ে সুন্দর নির্বাচন করার জন্য সহায়তা করবে বলে জানিয়েছেন ইউএনডিপি কান্ট্রি ডিরেক্টর স্টেফান লিলার।
ভিওডি বাংলা/মিনহাজ/এম







