টাকা ছাপানোর প্রচার গালগল্প, বাস্তবে মিল নেই: অর্থ উপদেষ্টা

প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা অধ্যাপক ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেছেন, সরকার টাকা ছাপাচ্ছে—এমন প্রচারণা বাস্তবতাবিবর্জিত এবং “গালগল্প” ছাড়া কিছু নয়।
শনিবার (১৬ মে) রাজধানীর এফডিসিতে আয়োজিত আসন্ন বাজেটে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের চ্যালেঞ্জ বিষয়ক প্রাক-বাজেট ছায়া সংসদে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ড. তিতুমীর বলেন, বর্তমান সরকার বিনিয়োগ ও কর্মসংস্থানকে সর্বাধিক গুরুত্ব দিচ্ছে। বন্ধ কলকারখানা চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি বলেন, বিগত সময়ে পরিবার, ব্যবসা ও রাষ্ট্র—সবখানেই আয়ের সংকট তৈরি হয়েছিল। এর প্রভাবে বহু নিম্ন-মধ্যবিত্ত পরিবার দারিদ্রসীমার নিচে নেমে গেছে, যা অত্যন্ত মর্মান্তিক।
তিনি আরও বলেন, সেই সময়ে ব্যবসায়ীরা প্রয়োজনীয় পুঁজি পাননি এবং পতিত সরকার নিয়মিতভাবে কেন্দ্রীয় ব্যাংকে হস্তক্ষেপ করত। বিদ্যুৎ ও জ্বালানি খাত কয়েকটি কোম্পানির নিয়ন্ত্রণে চলে গিয়েছিল বলেও অভিযোগ করেন তিনি। বর্তমান সরকার কোনো খাতকে সিন্ডিকেটের হাতে ছেড়ে দিতে চায় না উল্লেখ করে তিনি বলেন, অর্থনীতির গণতন্ত্রায়নের মাধ্যমে জনগণকে সম্পৃক্ত করাই সরকারের লক্ষ্য।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ।
সভাপতির বক্তব্যে তিনি বলেন, বর্তমান সরকার একটি ভঙ্গুর অর্থনীতি উত্তরাধিকার হিসেবে পেয়েছে। এর মধ্যে মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি দেশের অর্থনীতির ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি করেছে। বিশ্ববাজারে পণ্যের দাম বৃদ্ধি ও আমদানি ব্যয় বাড়ার পাশাপাশি দেশে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির কারণে পরিবহন, কৃষি ও উৎপাদন খরচও বেড়েছে। এর প্রভাব পড়েছে দ্রব্যমূল্যের ওপর, যা সাধারণ মানুষকে ভোগান্তিতে ফেলছে।
তিনি বলেন, এবারের বাজেটে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ এবং অর্থনৈতিক শৃঙ্খলা ফিরিয়ে আনা হবে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। একই সঙ্গে জ্বালানি, কৃষি, খাদ্য, রপ্তানি ও সামাজিক সুরক্ষা খাতে ভর্তুকির বিষয়েও সরকারকে গুরুত্ব দিতে হবে। তবে বাজেট প্রণয়নে যেন নিম্ন ও মধ্যবিত্ত মানুষের ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি না হয় এবং ব্যবসাবান্ধব পরিবেশ বজায় থাকে, সেদিকেও নজর রাখার আহ্বান জানান তিনি।
হাসান আহমেদ চৌধুরী কিরণ আরও বলেন, সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে অন্তর্ভুক্তিমূলক সামাজিক নিরাপত্তা কর্মসূচিকে গুরুত্ব দেওয়া হচ্ছে। মূল্যস্ফীতির চাপ মোকাবিলায় ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ডের মতো কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি দাবি করেন, দেশের ইতিহাসে প্রথমবারের মতো সর্বজনীন সামাজিক সুরক্ষা কর্মসূচির পথে হাঁটছে বর্তমান সরকার।
“মূল্যস্ফীতি নিয়ন্ত্রণই হবে এবারের বাজেটের প্রধান চ্যালেঞ্জ” শীর্ষক প্রাক-বাজেট ছায়া সংসদে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে পরাজিত করে জাতীয় বস্ত্র প্রকৌশল ও গবেষণা ইনস্টিটিউটের বিতার্কিকরা বিজয়ী হয়।
প্রতিযোগিতায় বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন অধ্যাপক আবু মোহাম্মদ রইস, ড. এস এম মোর্শেদ, সাংবাদিক তৌহিদুল ইসলাম, সাইদুল ইসলাম ও গোলাম কাদির রবু। শেষে অংশগ্রহণকারী দলগুলোর মধ্যে ট্রফি, ক্রেস্ট ও সনদপত্র বিতরণ করা হয়।
ভিওডি বাংলা/আ







