ভিন্ন লুকে ‘রকস্টার’ শাকিব, রহস্যে ঘেরা গান ভাইরাল

ঈদুল আজহায় মুক্তির অপেক্ষায় থাকা ‘রকস্টার’ সিনেমায় শাকিব খানকে এবার দেখা যাবে সম্পূর্ণ ভিন্ন লুকে। এরই মধ্যে প্রকাশ হয়েছে অ্যানিমেটেড টিজার ও ভিডিও টিজার। এবার এলো সিনেমাটির প্রথম গান ‘পিরিতি’।
মঙ্গলবার (১২ মে) সন্ধ্যা সাতটার দিকে গানটি প্রকাশ করা হয়। প্রকাশের পর থেকেই গানটি ভাইরাল হয় এবং দর্শক-ভক্তদের মধ্যে বাড়ে কৌতূহল।
গানটির সবচেয়ে বড় চমক এর চিত্রায়ণ। পুরো গানটি ধারণ করা হয়েছে কারাগারের ভেতরে। প্রকাশের পর ক্যাপশনে লেখা হয়েছে- ‘প্রেম আর বিরহের গভীর অনুভূতিতে মোড়া থাক ভালবাসার গল্পেরা।’ এই আবেগঘন ক্যাপশন ঘিরেও অনুরাগীদের মধ্যে তৈরি হয়েছে নানা ব্যাখ্যা ও আগ্রহ।
গানটিতে শাকিব খানকে দেখা গেছে বিধ্বস্ত ও আবেগাপ্লুত অবস্থায়। তবে তিনি কেন জেলে গেছেন বা গল্পে তার চরিত্রের প্রকৃত পরিস্থিতি কী-সে বিষয়ে এখনো কোনো ব্যাখ্যা প্রকাশ করা হয়নি। ফলে রহস্য আরও ঘনীভূত হয়েছে।
‘পিরিতি’ গানটির কথা লিখেছেন হাসান রোবায়েত, সুর করেছেন আহমেদ হাসান সানি এবং সংগীত পরিচালনা করেছেন জাহিদ নিরব। গানটিতে কণ্ঠ দেওয়ার পাশাপাশি পর্দায়ও উপস্থিত রয়েছেন পান্থ কানাই।
সিনেমাটির গানগুলোর বেশিরভাগই লিখেছেন ও সুর করেছেন আহমেদ হাসান সানি। পাশাপাশি রাজীব হাসান, হাসান রোবায়েত ও অংকনও গান লিখেছেন। সংগীত পরিচালনায় আছেন জাহিদ নিরব। চিত্রনাট্য লিখেছেন নুসরাত মাটি এবং সংলাপ লিখেছেন আয়মান আসিব ও সামিউল ভূঁইয়া।
গল্পকার আজমান রুশোর কাহিনিতে নির্মিত ‘রকস্টার’ সিনেমায় একজন সংগীতশিল্পীর জীবনসংগ্রাম, উত্থান-পতন এবং বাস্তব জীবনের অভিজ্ঞতা তুলে ধরা হবে বলে জানা গেছে। নির্মাতা জানান, নিজের সংগীত-অভিজ্ঞতা এবং বাস্তব রকস্টারদের জীবন থেকেই অনুপ্রাণিত হয়ে এই গল্প তৈরি করা হয়েছে।
ভিওডি বাংলা/এফএ







